বড় বাজেটের পুজোতেই সীমাবদ্ধ থাকবেন না মুখ্যমন্ত্রী! এবার কলকাতা ও শহরতলির ছোট-বড় সব পুজোর মণ্ডপে সশরীরে হাজির হওয়ার পরিকল্পনা করছেন মুখ্যমন্ত্রী। বিজেপি সূত্রের খবর, দলের কাছে যে পুজোগুলির আমন্ত্রণ আসবে, সময় অল্প হলেও প্রতিটি পুজোয় যাওয়ার চেষ্টা করবেন তিনি। ভার্চুয়াল নয়, এবার সরাসরি মণ্ডপে গিয়ে উদ্বোধনেই জোর দিতে চান মুখ্যমন্ত্রী।
এমনকী, পুজোর উদ্বোধনের জন্য ইতিমধ্যেই যে আমন্ত্রণগুলি আসতে শুরু করেছে, সেগুলির তালিকা তৈরি করার নির্দেশও দিয়েছেন তিনি। বুধবার বিধাননগরে রাজ্য বিজেপি দফতরে ‘জনতার দরবার’ কর্মসূচি শেষ হওয়ার পর দলীয় কার্যালয়ে বসেই সঙ্গে থাকা আধিকারিকদের পুজো কমিটিগুলির নাম নথিভুক্ত করার নির্দেশ দেন বলে খবর।
এদিনই তিনি স্পষ্ট করে দিয়েছেন, তথাকথিত ‘বিগ বাজেট’ পুজোর বাইরেও এবার তাঁর নজর থাকবে ছোট পুজোগুলির দিকে। অর্থাৎ, পুজোর জৌলুস বা বাজেট নয়, সাধারণ মানুষের পুজোও পেতে চলেছে সমান গুরুত্ব।
এর আগে দীর্ঘদিন ধরে দেখা গিয়েছে, কলকাতার একাধিক বড় পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী সশরীরে উপস্থিত থাকতেন। আবার শহরতলি কিংবা জেলার অনেক পুজোর উদ্বোধন ভার্চুয়াল মাধ্যমেও করতেন। এবার সেই চেনা ছবিতে বদল আসতে চলেছে বলেই বিজেপি সূত্রের দাবি।
পরিবর্তনের এই আবহে দুর্গাপুজোর উদ্বোধনেও নতুন ছক তৈরি হচ্ছে। বড় পুজোর পাশাপাশি ছোট পুজো কমিটিগুলির কাছেও পৌঁছে যেতে চাইছেন মুখ্যমন্ত্রী। ফলে যেসব পুজো এতদিন বড় বাজেটের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকত না, এবার তাদের মণ্ডপেও দেখা যেতে পারে মুখ্যমন্ত্রীকে।
শুধু তাই নয়, পুজোর সময় নিয়েও বদলের ইঙ্গিত রয়েছে। আগের আমলে পিতৃপক্ষেই একাধিক পুজোর উদ্বোধন হয়েছিল। কিন্তু এবার পুজো অনুদান ঘোষণার দিনই মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, সেই প্রথা আর থাকছে না।
অর্থাৎ এবার শুধু বড় পুজো নয়—ছোট পুজোর মণ্ডপেও পৌঁছনোর লক্ষ্য মুখ্যমন্ত্রীর। পুজোর আবহে সাধারণ মানুষের আরও কাছে পৌঁছতেই এই নতুন পরিকল্পনা বলে মনে করছে রাজনৈতিক মহল।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







