রাজ্যের উচ্চশিক্ষায় এবার বড়সড় পরিবর্তনের পথে সরকার! আজ বিধানসভায় পেশ হতে চলেছে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬’। ইতিমধ্যেই মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে এই বিল। আর বিধানসভায় পাশ হলে রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থায় একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে।
গত সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, এই বিশেষ বিল আনা হবে। বুধবার গোলপার্ক থেকে যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড পর্যন্ত ‘গেরুয়া সম্মান যাত্রা’র পরের সভাতেও বিশেষ অধিবেশন এবং শিক্ষা সংক্রান্ত এই বিলের কথা তুলে ধরেন তিনি।
বিলটির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল—রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে আরও অভিন্ন প্রশাসনিক কাঠামো এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করার উদ্যোগ। পাশাপাশি উচ্চশিক্ষা দফতরের আওতায় আনার প্রস্তাব রয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয়কেও। এতদিন আলিয়া বিশ্ববিদ্যালয় ছিল সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনে।
উল্লেখ্য, ২০০৭ সালে রাজ্য বিধানসভায় আলিয়া বিশ্ববিদ্যালয় আইন পাশ হয়েছিল এবং ২০০৮ সালের ৫ এপ্রিল থেকে তা কার্যকর হয়। নতুন বিল পাশ হলে বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে।
তবে বিলের সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বদলি নীতিকে ঘিরে। প্রস্তাবিত ব্যবস্থায় রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলি সংক্রান্ত নির্দেশিকা নির্দিষ্ট করা হতে পারে। দীর্ঘদিন কলকাতা বা বড় শহরের পুরনো বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষাকর্মীদের নতুন বিশ্ববিদ্যালয়েও দায়িত্ব পালনের সুযোগ বা বাধ্যবাধকতা তৈরি হতে পারে।
আর এখানেই উঠছে বড় প্রশ্ন। বিশ্ববিদ্যালয়গুলি সাধারণত স্বশাসিত প্রতিষ্ঠান। ফলে তাদের শিক্ষক, আধিকারিক কিংবা শিক্ষাকর্মীরা সরাসরি সরকারি কর্মচারী নন। তাই তাঁদের বদলি কীভাবে হবে—পারস্পরিক সম্মতির ভিত্তিতে, নাকি সরকারের নির্দিষ্ট নীতির মাধ্যমে—তা নিয়ে ইতিমধ্যেই শিক্ষামহলে আলোচনা শুরু হয়েছে।
মুখ্যমন্ত্রী অবশ্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান থেকে ‘দেশবিরোধী’ কার্যকলাপের বিরুদ্ধে কড়া অবস্থানের বার্তা দিয়েছেন। তাঁর দাবি, এ বিষয়ে উচ্চশিক্ষা দফতর প্রয়োজনীয় পদক্ষেপ করছে।
সব মিলিয়ে আজ বিধানসভায় বিলটি পেশ হওয়ার পরেই পরিষ্কার হবে, উচ্চশিক্ষা ব্যবস্থায় ঠিক কতটা পরিবর্তন আনতে চাইছে সরকার। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলি এবং আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণ—এই দুই বিষয়েই এখন নজর শিক্ষামহলের।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







