best news portal development company in india

১০ হাজার ঢাকের বাজনা, মহালয়ায় ইডেনে প্রধানমন্ত্রীর উপস্থিতি!

SHARE:

মহালয়ার দিনই বাংলায় বড় চমক! ১০ হাজার ঢাকের বাদ্যি, এক হাজার মহিলার উলুধ্বনি আর চোখধাঁধানো আলোকসজ্জায় সেজে উঠতে চলেছে ইডেন গার্ডেন্স। সূত্রের খবর, মহালয়ার বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর তাঁকে দিয়ে দেবীর চক্ষুদানের পরিকল্পনা রয়েছে বিজেপি রাজ্য নেতৃত্বের।

দুর্গাপুজোর মেগা উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গের ক্রীড়া দফতরের পক্ষ থেকে CAB-এর কাছে চিঠি পাঠিয়ে আগামী ১০ অক্টোবর, মহালয়ার দিন ইডেন গার্ডেন্স ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছে। শুধু একদিনের অনুষ্ঠান নয়, ২৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত নানা কর্মসূচির জন্য মোট ২১ দিনের জন্য ইডেন চাওয়া হয়েছে বলে খবর। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে CAB-এর কাছে জবাব চাওয়া হয়েছে।

রাজ্যের পরিকল্পনা অনুযায়ী, বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জমকালো প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদযাপন। মহালয়ার দিন ইডেনে প্রধানমন্ত্রীর উপস্থিতি এই আয়োজনকে আরও বড় মাত্রা দেবে বলেই মনে করা হচ্ছে।

এই আয়োজন নিয়ে CAB-প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যও সামনে এসেছে। তাঁর কথায়, মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে প্রধানমন্ত্রীর উপস্থিতি নিঃসন্দেহে বড় প্রাপ্তি। খেলার বাইরে এত বড় একটি অনুষ্ঠান ইডেনে বহুদিন পর হতে চলেছে বলেও জানান তিনি।

সৌরভের দাবি, তিনি ২০২০ সালে আমেদাবাদে একটি বড় স্টেডিয়াম ইভেন্ট দেখেছিলেন। সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি জানান, ইডেনের মহালয়ার অনুষ্ঠানেও আলো, ড্রোন এবং সন্ধ্যার বিশেষ আয়োজনের মাধ্যমে দর্শকদের জন্য বড় আকর্ষণ তৈরি হতে পারে।

আর অনুষ্ঠানকে ঘিরে রয়েছে একের পর এক চমক। সূত্রের খবর, প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইডেনে প্রবেশের সময় এক হাজার মহিলার উলুধ্বনিতে মুখরিত হবে গোটা এলাকা। একসঙ্গে বেজে উঠবে ১০ হাজার ঢাক।

এরপর স্টেডিয়াম পরিক্রমার সময় পুজোর গান পরিবেশন করার কথা শ্রেয়া ঘোষালের। তবে তার আগেই থাকবে বিশেষ রোড শো। আলোকসজ্জায় সাজানো রেড রোড ধরে এগোবে পুজোর শোভাযাত্রা। সেখানে ২৩টি জেলার ২৩ ধরনের নৃত্যকলা তুলে ধরবে বাংলার বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য।

অর্থাৎ, মহালয়ার দিন শুধু দেবীপক্ষের সূচনা নয়—এবার বাংলার দুর্গাপুজোর উদ্বোধনও হতে চলেছে একেবারে রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে। ১০ হাজার ঢাক, উলুধ্বনি, রোড শো, নৃত্য, গান আর ইডেনের মঞ্চ—সব মিলিয়ে মহালয়ার সেই সন্ধ্যা যে নজরকাড়া হতে চলেছে, তারই প্রস্তুতি এখন তুঙ্গে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *