best news portal development company in india

হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসি? কড়া বার্তা বাংলাদেশের তথ্য উপদেষ্টার

SHARE:

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ফের উত্তপ্ত বাংলাদেশের রাজনীতি। ভারতে থাকা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার কথা প্রকাশ্যে বললেন বাংলাদেশের তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তাঁর এই মন্তব্য সামনে আসতেই নতুন করে প্রশ্ন উঠেছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং বিচারপ্রক্রিয়া নিয়ে।

ঢাকার সচিবালয়ে সাংবাদিক বৈঠকে জাহেদ উর রহমান দাবি করেন, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। তিনি দেশে ফিরলে সেই সাজা কার্যকর হওয়ার মুখোমুখি হবেন। এমনকি দেশে ফিরে মামলার রায় পুনর্বিবেচনার আবেদন করার সুযোগও থাকবে না বলে দাবি করেছেন তিনি।

বাংলাদেশ সরকারের বক্তব্য, শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফিরিয়ে আনার দাবি কোনও কূটনৈতিক চাপ তৈরির কৌশল নয়। বরং এটি বাংলাদেশের আইনি প্রক্রিয়ারই অংশ। জাহেদ উর রহমানের দাবি, কেউ কেউ মনে করছেন, হাসিনাকে ফেরানোর দাবি জানিয়ে ঢাকা ভারতের উপর চাপ তৈরি করতে চাইছে। কিন্তু বিষয়টি তেমন নয়। শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট এবং এটি কোনও ‘ট্যাকটিক’ নয় বলেই মন্তব্য তাঁর।

বাংলাদেশের তথ্য উপদেষ্টা আরও জানান, ভারতের সামনে বিষয়টি একটি গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে তুলে ধরা হয়েছে এবং ঢাকা আশা করছে, নয়াদিল্লি বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখবে।

এরপরই আরও কড়া বার্তা দেন তিনি। তাঁর বক্তব্যের সারকথা, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে বাংলাদেশে আনা হলে তাঁকে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে।

আর এখানেই উঠছে বড় প্রশ্ন। একটি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার কথা যখন সরকারেরই একজন উচ্চপদস্থ উপদেষ্টা প্রকাশ্যে বলছেন, তখন সেই বিচারপ্রক্রিয়ায় আত্মপক্ষ সমর্থন ও আইনি প্রতিকারের সুযোগ কতটা রয়েছে—তা নিয়েও প্রশ্ন উঠছে।

অন্যদিকে, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান কী হবে, সেটিও এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রত্যর্পণের দাবির পর নয়াদিল্লি কী সিদ্ধান্ত নেয়, তার উপরই নির্ভর করছে পরবর্তী কূটনৈতিক সমীকরণ।

অর্থাৎ, শেখ হাসিনাকে ঘিরে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন আরও এক ধাপ বাড়ল। ঢাকার দাবি—হাসিনাকে ফেরাতেই হবে। আর ফিরলে তাঁকে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে। এখন নজর ভারতের পরবর্তী পদক্ষেপে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *