সোশ্যাল মিডিয়ায় কখন কোন কাণ্ড ট্রেন্ডিং হয়ে যায়, তা সত্যিই বলা মুশকিল! একজন ভিডিও বানালেন, আর তা দেখে শুরু অনুকরণের হিড়িক। কিন্তু সেই ট্রেন্ড কতটা বিপজ্জনক, তা না ভেবেই অনেকেই একই কাণ্ডে মেতে উঠছেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মেট্রোর কাঁচে মোবাইল আটকে রিল বানানোর একটি ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক হাতে ফুল নিয়ে মেট্রো স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কাচে মোবাইল ফোন আটকে দেন। এরপর ক্যামেরার সামনে পোজ দিতে থাকেন। আচমকাই মেট্রো চলতে শুরু করতেই শুরু হয় আসল বিপত্তি!
প্রথমে মেট্রোর গতির সঙ্গে তাল মিলিয়ে দৌড়তে থাকেন ওই যুবক। কিন্তু কিছুক্ষণ পর মেট্রোর গতি বাড়তেই তাল রাখতে পারেননি তিনি। শেষ পর্যন্ত স্টেশনেই থেকে যান যুবক, আর মেট্রোর সঙ্গে চলে যায় তাঁর মোবাইল।
ভিডিও দেখে স্বাভাবিকভাবেই নেটিজেনদের প্রশ্ন—তাহলে মোবাইলের কী হল?
জানা যাচ্ছে, এই ধরনের ভিডিওতে অনেক সময় রিল নির্মাতার পরিচিত কেউ মেট্রোর ভিতরে বা পরের স্টেশনে অপেক্ষা করেন। মেট্রো গন্তব্যে পৌঁছলে সেই ব্যক্তি ফোনটি নিয়ে নেন। অর্থাৎ, ভিডিওর পুরো ঘটনাটাই অনেকটা পরিকল্পিত।
কিন্তু পরিকল্পিত হলেও ঝুঁকি কমছে না। কারণ মেট্রো চলতে শুরু করার পর তার সঙ্গে তাল মিলিয়ে দৌড়ানো অত্যন্ত বিপজ্জনক। সামান্য অসতর্কতাতেই ঘটতে পারে বড় দুর্ঘটনা।
এই ধরনের ভিডিও নিয়ে সতর্ক করেছে দিল্লি মেট্রো কর্তৃপক্ষও। তাদের বক্তব্য, কিছু সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর মেট্রোর জানালায় মোবাইল লাগিয়ে চলন্ত ট্রেনের সঙ্গে ভিডিও করছেন। এতে অন্য যাত্রীদের অসুবিধা হতে পারে, এমনকি আঘাত লাগার আশঙ্কাও রয়েছে।
তাই ভাইরাল হওয়ার চক্করে এমন কোনও স্টান্ট নয়, যাতে কয়েক সেকেন্ডের রিলের জন্য বড় বিপদ ডেকে আসে। ভিউ আর লাইক আসবেই—কিন্তু নিরাপত্তার সঙ্গে আপস করে নয়!
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







