রুপোলি পর্দায় এবার একেবারে নতুন রূপে ‘বাপু’! মহাত্মা গান্ধীর চরিত্রে অভিনয় করতে চলেছেন বলিউডের অন্যতম শক্তিশালী অভিনেতা মনোজ বাজপেয়ী। আর প্রকাশ্যে আসতেই তাঁর প্রথম ঝলক ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।
স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে পরিচালক সুধীর মিশ্রর নতুন ঐতিহাসিক ড্রামা ‘বাপু’। বহুদিন ধরেই এই ছবি নিয়ে বলিউডে আলোচনা চলছিল। ছবিতে গান্ধীর চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়েও ছিল কৌতূহল। এবার সেই জল্পনার অবসান।
প্রকাশ্যে আসা ফার্স্ট লুকে মনোজ বাজপেয়ীকে যেন চেনাই যাচ্ছে না! সাদা ধুতি, হাতে লাঠি, গোলাকার চশমা এবং গান্ধীর স্বতন্ত্র সাজে অভিনেতার সম্পূর্ণ রূপান্তর নজর কেড়েছে। শুধু মেকআপ বা প্রস্থেটিক্স নয়, গান্ধীর হাঁটাচলা, দাঁড়ানোর ভঙ্গি এবং বডি ল্যাঙ্গুয়েজেও করা হয়েছে সূক্ষ্ম পরিবর্তন।
ছবির গল্পও বেশ অন্যরকম। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ, অথচ তুলনামূলকভাবে কম চর্চিত ২১ দিনের সময়কালকে কেন্দ্র করে তৈরি হচ্ছে এই পিরিয়ড ড্রামা।
ছবিটি পরিচালনা করছেন অভিজ্ঞ পরিচালক সুধীর মিশ্র। প্রযোজনায় রয়েছেন অনুভব সিনহা এবং নরেন্দ্র হীরাওয়াত। ‘হাজারোঁ খোয়াইশে অ্যায়সি’ এবং ‘ধারাভি’-র মতো ছবির পরিচালক সুধীর মিশ্র এবার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে নিজের দৃষ্টিভঙ্গিতে পর্দায় তুলে ধরতে চলেছেন।
অন্যদিকে, সামাজিক বার্তাধর্মী ‘মুল্ক’, ‘আর্টিকেল ১৫’ এবং ‘থাপ্পড়’-এর মতো ছবির সঙ্গে যুক্ত অনুভব সিনহারও রয়েছে এই প্রজেক্টে গুরুত্বপূর্ণ ভূমিকা।
‘বেনারস মিডিয়াওয়ার্কস’-এর ব্যানারে, এনএইচ স্টুডিওজ-এর যৌথ নিবেদনে তৈরি হচ্ছে ছবিটি।
তবে চমক শুধু মনোজ বাজপেয়ীতেই শেষ নয়। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা সৌরভ শুক্লাকেও।
সব মিলিয়ে, গান্ধীর চরিত্রে মনোজ বাজপেয়ীর এই রূপান্তর যে দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে, তা বলাই যায়। এবার অপেক্ষা—পর্দায় ‘বাপু’ হয়ে মনোজ কতটা বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারেন, সেটাই দেখার।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







