best news portal development company in india

১১ হাত দুর্গার ছবি নিয়ে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী

SHARE:

দশভুজা দুর্গার বদলে ছবিতে একাদশভুজা দুর্গা! আর সেই ছবি ঘিরেই তীব্র বিতর্ক। শেষ পর্যন্ত বিতর্কে ইতি টেনে ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সোমবার মিলন মেলা প্রাঙ্গণে দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে রাজ্যের পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। বৈঠকের আগে পুজো উদ্যোক্তাদের কাছে পৌঁছে যায় সরকারি আমন্ত্রণপত্র। এমনকি বিভিন্ন সংবাদমাধ্যমেও সরকারি বিজ্ঞাপন প্রকাশ করা হয়।

আর সেই আমন্ত্রণপত্র ও বিজ্ঞাপনে ব্যবহৃত দুর্গার ছবি ঘিরেই তৈরি হয় বিতর্ক। অভিযোগ, ছবিতে মা দুর্গার দশটির পরিবর্তে ১১টি হাত দেখা যায়। একটি অতিরিক্ত হাতে অস্ত্রও রয়েছে বলে দাবি করা হয়।

বিষয়টি নিয়ে প্রথমে সরব হন সিপিএম নেতা শতরূপ ঘোষ। তিনি সোশ্যাল মিডিয়ায় সরকারি বিজ্ঞাপনের ওই ছবি তুলে ধরে কটাক্ষ করেন। তাঁর দাবি, দেবতাদের দেওয়া অস্ত্র নিয়েই দশভুজা দুর্গার প্রচলিত রূপ। সেখানে সরকারি বিজ্ঞাপনে অতিরিক্ত একটি হাত কীভাবে এল, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

এই নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক শুরু হওয়ার পর সোমবার পুজো কমিটিগুলির বৈঠকেই বিষয়টি উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি ভুল স্বীকার করে ক্ষমা চান। পাশাপাশি জানান, যে বিজ্ঞাপন সংস্থার মাধ্যমে এই ছবি তৈরি করা হয়েছে, তাদের সতর্ক করা হয়েছে।

আগামী দিনে এই ধরনের বিষয়ে সরকার আরও সতর্ক থাকবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

অর্থাৎ, পুজোর প্রস্তুতি বৈঠকের আগে সরকারি আমন্ত্রণপত্রে দুর্গার ছবি নিয়ে তৈরি হওয়া বিতর্ক শেষ পর্যন্ত পৌঁছল মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়ার জায়গায়। এখন প্রশ্ন একটাই—এমন ভুল কীভাবে সরকারি আমন্ত্রণপত্র এবং সংবাদমাধ্যমে প্রকাশিত বিজ্ঞাপনে চলে গেল?

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *