নেপালে বিধ্বংসী বন্যার ৯ দিন পর মিলল অলৌকিক উদ্ধারের খবর! টানা ২১৬ ঘণ্টা ধরে কাদা ও ধ্বংসস্তূপে আটকে থাকার পর ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার করা হল দুই ব্যক্তিকে।
উদ্ধার হওয়া দু’জন হলেন নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের মেকানিক্যাল ফোরম্যান সঞ্জয় শাহ এবং সুড়ঙ্গের সুপারভাইজার কবীর মহার্জন।
জানা গিয়েছে, আজ সকালে আচমকাই সুড়ঙ্গের ভিতর থেকে মানুষের কণ্ঠস্বর শুনতে পান উদ্ধারকারীরা। সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠে নেপালি সেনা ও সশস্ত্র পুলিশ বাহিনী। দ্রুত সুড়ঙ্গে ঢুকে কাদা ও ধ্বংসাবশেষ সরিয়ে দু’জনকে জীবিত অবস্থায় বাইরে বের করে আনা হয়।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সুড়ঙ্গের ভিতরে সীমিত পরিমাণে অক্সিজেন এবং জলের ব্যবস্থা থাকায় এত দীর্ঘ সময় তাঁরা বেঁচে থাকতে পেরেছেন।
গত ২৬ আগস্টের ভয়াবহ আকস্মিক বন্যার পর থেকেই ওই জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে একাধিক শ্রমিকের আটকে থাকার আশঙ্কা ছিল। আর ৯ দিন পর দুইজনকে জীবিত উদ্ধারের ঘটনায় নিখোঁজ বাকিদেরও বেঁচে থাকার আশা অনেকটাই বেড়েছে।
এখন উদ্ধারকারী দল জোরকদমে বাকি নিখোঁজ শ্রমিকদের খোঁজ চালাচ্ছে। সেনা ও সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যরা সুড়ঙ্গের ভিতরে ধ্বংসস্তূপ সরিয়ে তল্লাশি চালাচ্ছেন।
দুইজনের এই জীবিত উদ্ধার যেন নতুন করে আশার আলো দেখাচ্ছে—হয়তো এখনও ধ্বংসস্তূপের নীচে অপেক্ষা করছে আরও জীবনের সন্ধান!
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







