দুর্গাপুজোর পরেই রাজ্যে পুরভোটের সম্ভাবনা! কর্পোরেশন ও পুরসভা নির্বাচনকে সামনে রেখে এবার পুজোর আগেই সমস্ত প্রস্তুতি শেষ করার নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। বুধবার রাজ্য সরকারের নির্দেশে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের ভারচুয়াল বৈঠকে এই বার্তাই দেওয়া হয়েছে।
রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণা গুপ্তার সভাপতিত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ও ডিস্ট্রিক্ট মিউনিসিপ্যাল ইলেকশন আধিকারিকরা।
অবাধ ও শান্তিপূর্ণ পুরভোট পরিচালনার জন্য কত সংখ্যক পুলিশকর্মীর প্রয়োজন হতে পারে, সেই হিসেবও ছয় জেলার প্রশাসনের কাছে চেয়েছে কমিশন। পাশাপাশি নির্বাচনের পরিকাঠামো নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।
কমিশন সূত্রে খবর, বৈঠকে মূলত পুর এলাকার নতুন সীমানা নির্ধারণ, আসন সংরক্ষণ, ইভিএম ব্যবস্থাপনা, চূড়ান্ত ভোটার তালিকা তৈরি, ভোটকেন্দ্র নির্বাচন এবং পর্যাপ্ত ভোটকর্মী নিয়োগের বিষয়গুলি খতিয়ে দেখা হয়েছে।
তবে ইভিএম নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিধানসভা নির্বাচনে ব্যবহৃত ইভিএম দিয়েই পুরভোট হবে, নাকি নতুন প্রযুক্তির ইভিএম ব্যবহার করা হবে—সেই সিদ্ধান্ত এখনও বাকি।
এমনকী ইভিএমের জোগানের উপর নির্ভর করে সমস্ত বকেয়া পুরসভায় একদিনে ভোট হবে, নাকি একাধিক দফায় নির্বাচন করানো হবে, সেই বিষয়েও এই প্রথম ধাপের বৈঠকে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
যে সমস্ত গুরুত্বপূর্ণ পুরসভা ও পুরনিগমে নির্বাচন বাকি রয়েছে, তার মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, বিধাননগর, দুর্গাপুর এবং শিলিগুড়ি—এই পাঁচটি মিউনিসিপ্যাল কর্পোরেশন। পাশাপাশি কার্শিয়াং, মিরিক, কালিম্পং, রায়গঞ্জ, বুনিয়াদপুর, ধূপগুড়ি, বালি, ডোমকল, পুজালি, পাঁশকুড়া, হলদিয়া, কুপার্স ক্যাম্প এবং নলহাটির মতো একাধিক পুরসভাতেও নির্বাচন বকেয়া রয়েছে।
অন্যদিকে, নির্বাচনী প্রস্তুতির ক্ষেত্রে সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আসন সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশ করা হতে পারে। এরপর বিভিন্ন আপত্তি ও দাবি খতিয়ে দেখে অক্টোবরের শেষ সপ্তাহের মধ্যে চূড়ান্ত সংরক্ষণ তালিকা প্রকাশের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
অর্থাৎ, পুজোর আগেই পুরভোটের যাবতীয় প্রস্তুতি গুছিয়ে ফেলতে চাইছে কমিশন। আর পুজোর পর যেকোনও সময় ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে—এমন সম্ভাবনাই এখন জোরালো হচ্ছে। ফলে কলকাতা থেকে উত্তরবঙ্গ, পুরভোটের প্রস্তুতিতে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলির নজরও ঘুরছে পুরসভার দিকে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







