দক্ষিণ দিনাজপুর সফরে এসে বালুরঘাটকে ঢেলে সাজানোর বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার একদিনের সফরে বালুরঘাটে এসে একাধিক প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শন করেন তিনি। দুপুরে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন মুখ্যমন্ত্রী। এরপরই জেলার জন্য একের পর এক বড় ঘোষণা সামনে আসে।
মুখ্যমন্ত্রী হিসেবে দক্ষিণ দিনাজপুরে এটাই তাঁর প্রথম সফর। আর সেই সফরেই জেলার জন্য তিনটি বড় উপহারের ঘোষণা করেন তিনি। প্রথম বড় ঘোষণা—বালুরঘাটে প্রস্তাবিত বিমানবন্দর। বুধবার বিমানবন্দরের জন্য চিহ্নিত জমিও পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী।
শুভেন্দু অধিকারীর দাবি, এক বছরের মধ্যেই বালুরঘাট বিমানবন্দর চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ১৯ আসনের ছোট বিমান চলাচল করবে। পরবর্তীতে ৭২ আসনের বিমান পরিষেবাও চালু করা হবে।
বিমানবন্দরের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রেও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, বর্তমানে বালুরঘাটের বিশ্ববিদ্যালয়ে মাত্র তিনটি বিষয়ে পড়াশোনা চলছে। জন্মাষ্টমীর আগেই আরও চারটি বিষয় যুক্ত করে মোট সাতটি বিষয়ে পড়ানোর অনুমোদন দেওয়া হবে।
এর পাশাপাশি বালুরঘাটে তৈরি হবে মেডিক্যাল কলেজ। প্রায় ৩৪৪ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। মেডিক্যাল কলেজের জন্য প্রস্তাবিত জমিও পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, মোট ৩৪৪ কোটি টাকার মধ্যে প্রথম পর্যায়ে ১০০ কোটি টাকা দ্রুত বরাদ্দ করা হবে।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, কালীপুজোর আগেই মেডিক্যাল কলেজ প্রকল্পের ভূমিপুজো করার লক্ষ্য নেওয়া হয়েছে। সেই অনুষ্ঠানে নিজে উপস্থিত থাকার কথাও জানিয়েছেন তিনি।
শুধু বড় প্রকল্প নয়, বালুরঘাটের পরিকাঠামো নিয়েও একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ১০ অক্টোবরের মধ্যে শহরের সমস্ত রাস্তা মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন একটি ফায়ার স্টেশন তৈরির কথাও জানান তিনি।
এছাড়াও এলাকার একটি নার্সিং স্কুলকে নার্সিং কলেজে উন্নীত করার পরিকল্পনার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
এদিনের সফর থেকে রাজনৈতিক বার্তাও দেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ২০১৯ সাল থেকে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মানুষ বিজেপিকে ভোট দিয়ে আসছেন। সেই কারণেই আগের সরকার এই দুই জেলাকে অবহেলা করেছে এবং গত পাঁচ বছর ধরে বঞ্চিত করা হয়েছে।
তাঁর দাবি, সরকারে আসার মাত্র চার মাসের মধ্যেই দক্ষিণ দিনাজপুরকে তিনটি বড় উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। ফলে বিমানবন্দর, মেডিক্যাল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ—এই তিন প্রকল্প ঘিরে বালুরঘাটের উন্নয়নের নতুন দিগন্ত খুলতে চলেছে বলেই দাবি রাজ্য সরকারের।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







