best news portal development company in india

আবার ডিসেম্বরে ভোট বাংলায়! পুরভোটের প্রস্তুতি তুঙ্গে, প্রথম দফায় ৯ পুরসভা

SHARE:

২০২৬-এর বিধানসভা নির্বাচনের পর এবার বাংলায় পুরভোটের দামামা! সূত্রের খবর, ডিসেম্বরের মধ্যেই রাজ্যজুড়ে শুরু হতে পারে পুরসভা নির্বাচন। কমিশন সূত্রে খবর, প্রথম দফায় কলকাতা, হাওড়া, শিলিগুড়ি, ধূপগুড়ি, হলদিয়া, বালি, কার্শিয়াং, কালিম্পং এবং ঝাড়গ্রামে পুরভোট হওয়ার সম্ভাবনা রয়েছে।

পুরভোটের প্রস্তুতি নিয়ে বুধবারই গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছে রাজ্য নির্বাচন কমিশন। বৈঠকে সমস্ত জেলার জেলাশাসক ছাড়াও পুর ও নগরোন্নয়ন দফতরের আধিকারিকদের উপস্থিত থাকার কথা। সূত্রের খবর, ৭ ডিসেম্বরের মধ্যে ভোটপর্ব শেষ করার লক্ষ্য নিয়ে ধাপে ধাপে প্রস্তুতি বৈঠক চলছে।

পুরভোট ঘিরে প্রশাসনিক প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সমস্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তবে পুরভোটের আগে সবচেয়ে বড় প্রশ্ন উঠছে ভোটার তালিকা নিয়ে। বিধানসভা নির্বাচনের আগে এসআইআর প্রক্রিয়ার পর বহু ভোটারের নাম নিয়ে আপত্তি এবং আবেদন বিচারাধীন ছিল। সেই সমস্ত আবেদনের নিষ্পত্তির জন্য ট্রাইবুনাল গঠন করা হলেও এখনও বহু মামলা ঝুলে রয়েছে।

কমিশন সূত্রে খবর, আগামী পুরভোটের ক্ষেত্রে গত ১ জুলাই প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকাকেই ভিত্তি করা হতে পারে। সাধারণত জুলাইয়ের পর অক্টোবর মাসে ফের ভোটার তালিকা প্রকাশের নিয়ম থাকলেও, পুরভোটের সময়সীমার কথা মাথায় রেখে জুলাইয়ের রোলের উপরই নির্ভর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

ফলে বিধানসভা নির্বাচনের পর পুরভোটেও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে।

অন্যদিকে, পুরভোটে কোনও ধরনের অশান্তির আশঙ্কা নেই বলেই দাবি করেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর বক্তব্য, “এটা মোদীর সরকার, এটা শুভেন্দু অধিকারীর সরকার। কোনও রক্তক্ষয় হবে না। মানুষ এমনিই ভোট দেবে।”

তবে রাজ্যের অতীতের নির্বাচনী অভিজ্ঞতার কথা তুলে ধরে বিরোধীদের একাংশ অবশ্য পরিস্থিতি নিয়ে ভিন্ন মত পোষণ করতে পারে। ফলে পুরভোটের দিন যত এগিয়ে আসবে, নিরাপত্তা, ভোটার তালিকা এবং রাজনৈতিক লড়াই—তিন ক্ষেত্রেই নজর থাকবে কমিশন ও রাজনৈতিক মহলের।

এখন অপেক্ষা শুধু কমিশনের চূড়ান্ত ঘোষণার। ডিসেম্বরেই কি সত্যিই বাংলায় শুরু হচ্ছে পুরভোট? প্রথম দফার ৯ পুরসভায় ভোটের সম্ভাবনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর প্রস্তুতি।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *