best news portal development company in india

আদালতের রক্ষাকবচ মহুয়ার পাশে! কৃষ্ণনগরের সাংসদকে পুলিশি নিরাপত্তার নির্দেশ হাইকোর্টের

SHARE:

বারবার বিক্ষোভ, ডিম-পাথর ছোড়ার অভিযোগ—এবার মহুয়া মৈত্রের নিরাপত্তায় কলকাতা হাইকোর্ট। নিজের লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরে গেলেই তাঁকে ঘিরে বিক্ষোভ এবং হয়রানির অভিযোগ তুলেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এবার তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

মঙ্গলবারও নদিয়ার চাপড়ায় মহুয়া মৈত্রের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে। কালো পতাকা নিয়ে পথ অবরোধের ঘটনাও ঘটে। এই পরিস্থিতির মধ্যেই এদিন মহুয়াকে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

আদালতের নির্দেশ অনুযায়ী, মহুয়া মৈত্র যখনই তাঁর লোকসভা কেন্দ্রের এলাকায় প্রবেশ করবেন, তখন তাঁর সঙ্গে দু’জন পুলিশকর্মী মোতায়েন করতে হবে। সাংসদ যাতে কোনও ধরনের হয়রানি বা সমস্যার মুখে না পড়েন, তা নিশ্চিত করতেই এই নিরাপত্তার নির্দেশ।

তবে আপাতত এই নিরাপত্তা ব্যবস্থা থাকবে আগামী ৩০ দিনের জন্য। মামলার পরবর্তী শুনানি হবে ১ অক্টোবর। আদালত জানিয়েছে, মহুয়া কোন কোন তারিখে নিজের লোকসভা কেন্দ্রে যাবেন, সেই তথ্য আগে থেকে পুলিশকে জানাতে হবে। সেই অনুযায়ী নিরাপত্তার ব্যবস্থা করবে প্রশাসন।

এদিন আদালতে মহুয়ার হয়ে সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, নিজের লোকসভা কেন্দ্রে গেলেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিক্ষোভ ও গোলমাল করা হচ্ছে। ফলে সাংসদ হিসেবে সাধারণ মানুষের সঙ্গে কাজ করতে সমস্যার মুখে পড়ছেন মহুয়া।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আরও অভিযোগ, মহুয়ার উপর ডিম, আলু এবং পাথর ছোড়ার মতো ঘটনা ঘটছে। পাশাপাশি, রাজনৈতিকভাবে দল পরিবর্তন করা কিছু সাংসদকে নিরাপত্তা দেওয়া হলেও তাঁদের ক্ষেত্রে আক্রমণের ঘটনা ঘটছে বলেও আদালতে দাবি করেন তিনি।

অন্যদিকে, মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিক্ষোভের ঘটনাগুলি নিয়ে রাজনৈতিক চাপানউতোরও অব্যাহত। তবে রাজনৈতিক বিতর্কের বাইরে গিয়ে আদালতের এই নির্দেশে আপাতত স্বস্তি তৃণমূল সাংসদের। আগামী ১ অক্টোবর মামলার পরবর্তী শুনানিতে নিরাপত্তা নিয়ে আদালত কী নির্দেশ দেয়, এখন সেদিকেই নজর।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *