best news portal development company in india

আজ থেকেই চালু শহর পরিষ্কার রাখার আইন! নিয়ম ভাঙলেই দিতে হবে জরিমানা

SHARE:

শহরকে আবর্জনামুক্ত ও পরিচ্ছন্ন রাখতে এবার আরও কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। আগেই ঘোষণা করা হয়েছিল, সেপ্টেম্বর মাস থেকে প্রকাশ্যে নোংরা করা, থুতু ফেলা কিংবা নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার করলে জরিমানা দিতে হবে। সেই মতো মঙ্গলবার, ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যের পুরনিগম, পুরসভা এবং নোটিফায়েড এরিয়াগুলিতে কার্যকর হয়ে গেল নতুন বিধিনিষেধ।

গত কয়েক মাস ধরে শহর পরিষ্কার রাখার বিষয়ে একাধিকবার বার্তা দিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুধু প্রশাসনিক নির্দেশ নয়, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেও পথে নেমেছেন তিনি। কখনও হাতে ঝাঁটা নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার বার্তা দিয়েছেন, কখনও ডাস্টবিন বিলি করেছেন, আবার কখনও বিভিন্ন দোকান-বাজারে গিয়ে মানুষকে সচেতন করেছেন। জুলাই ও অগস্ট জুড়ে চলেছে প্রচার। এবার সেপ্টেম্বর থেকে শুরু হল নিয়ম ভাঙলে জরিমানার পালা।

নতুন নির্দেশিকা অনুযায়ী, প্রকাশ্যে থুতু ফেললে প্রতিবার ১০০ টাকা জরিমানা দিতে হবে। প্রকাশ্যে মলত্যাগ বা প্রস্রাব করলে দিতে হবে ২০০ টাকা। একইভাবে যত্রতত্র আবর্জনা ফেলা কিংবা নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার করলেও ২০০ টাকা করে জরিমানা ধার্য করা হয়েছে।

শুধু রাস্তা নয়, শহরের নর্দমা, জলাশয়, বাজার, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থান এবং সরকারি ভবনগুলিতেও পরিচ্ছন্নতা বজায় রাখতে নজরদারি চালানো হবে। রাজ্যের নির্দেশিকা ইতিমধ্যেই জেলাশাসকদের কাছে পাঠানো হয়েছে। স্থানীয় স্তরে প্রচারের পাশাপাশি নতুন বিধি কার্যকর করার নির্দেশও দেওয়া হয়েছে।

‘Do not litter. Do not spit in public places, streets, hospitals, etc. Keep Bengal clean’—এই বার্তাকে সামনে রেখে জেলায় জেলায় সচেতনতা প্রচার চালানো হবে। পাশাপাশি সাধারণ মানুষ যাতে সহজে অভিযোগ জানাতে পারেন, তার জন্য অ্যাপের মাধ্যমেও অভিযোগ জানানোর ব্যবস্থা রাখা হচ্ছে।

তবে জরিমানা আদায়ের ক্ষেত্রেও থাকছে বিশেষ নিয়ম। স্পট ফাইনের টাকা নগদে নেওয়া যাবে না। শুধুমাত্র ডিজিটাল বা অনলাইন পদ্ধতিতেই অনুমোদিত আধিকারিকরা জরিমানা আদায় করতে পারবেন।

অর্থাৎ, এতদিন সচেতনতার বার্তা দেওয়া হলেও এবার থেকে নিয়ম ভাঙলে সরাসরি পকেটেও টান পড়বে। শহরকে পরিচ্ছন্ন রাখতে প্রশাসনের এই কড়া পদক্ষেপ কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *