best news portal development company in india

পুজোয় আমিষ খাবারে কোনও নিষেধাজ্ঞা নয়, অবস্থান স্পষ্ট করতে পারে রাজ্য

SHARE:

দুর্গাপুজোয় মাছ-মাংস খাওয়ায় কোনও নিষেধাজ্ঞা জারি করতে চাইছে না রাজ্য সরকার। পুজোর মেনুতে কী থাকবে আর কী থাকবে না, তা নিয়ে আমজনতার উপর কোনও নির্দেশ চাপানোর পরিকল্পনা নেই সরকারের। বিশ্ব হিন্দু পরিষদের তরফে পুজোমণ্ডপ এবং তার আশপাশে আমিষ খাবার বিক্রি ও খাওয়া বন্ধ রাখার যে প্রস্তাব দেওয়া হয়েছিল, রাজ্য সরকার সেই অবস্থানকে সমর্থন করছে না বলেই সূত্রের খবর।

ফলে পুজোর দিনগুলিতে বাঙালির চেনা খাবারের তালিকায় মাছ-মাংস থাকতেই পারে। নবমীর পাঠার মাংসের ঝোল হোক কিংবা দশমীর জোড়া ইলিশ—কোনও কিছুতেই সরকারি নিষেধাজ্ঞা থাকছে না বলেই জানা যাচ্ছে। কারণ, বাঙালির কাছে দুর্গাপুজো শুধু ধর্মীয় উৎসব নয়, একইসঙ্গে খাওয়া-দাওয়া ও আনন্দেরও অন্যতম বড় উপলক্ষ।

তবে পুজোর মেনু নিয়ে কয়েকদিন ধরেই নানা জল্পনা ছড়িয়েছে। এর অন্যতম কারণ বিশ্ব হিন্দু পরিষদের একটি বার্তা। সেখানে পুজোমণ্ডপের আশপাশে আমিষ খাবার বিক্রি ও খাওয়া নিয়ে আপত্তির কথা জানানো হয়েছিল। এরপরই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের দাবি ছড়িয়ে পড়ে। এমনকি পুজোর কোন দিনে কী খাবার খাওয়া যাবে, তা নিয়েও নানা তথ্য ছড়াতে থাকে।

তবে প্রশাসনিক সূত্রের খবর, এই ধরনের কোনও বিধিনিষেধ আরোপের পরিকল্পনা নেই রাজ্যের। আগামী ৭ সেপ্টেম্বর কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুজোর প্রস্তুতি, নিরাপত্তা, বিদ্যুৎ, যান চলাচল-সহ একাধিক বিষয় নিয়ে সেখানে আলোচনা হওয়ার কথা।

সূত্রের খবর, সেই বৈঠকেই আমিষ খাবার নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে দিতে পারেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ, পুজোর মেনু নিয়ে আপাতত বাঙালির পছন্দেই ছাড়পত্র—মাছ-মাংসে কোনও সরকারি নিষেধাজ্ঞা নয়।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *