নেপালের ভয়াবহ হড়পা বানে এখনও নিখোঁজ বাংলার বহু বাসিন্দা। তাঁদের পরিবারের উদ্বেগের কথা মাথায় রেখে এবার সরাসরি পরিজনদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের তরফে নিখোঁজদের সঙ্গে যোগাযোগের সবরকম চেষ্টা চলছে বলে আশ্বাস দিয়েছেন তিনি। ইতিমধ্যেই নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে। শুক্রবার অনলাইনে পূর্ব বর্ধমান, হুগলি, দমদম, কসবা-সহ বিভিন্ন এলাকার নিখোঁজদের পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী জানান, বাংলার মোট ৩৯ জন নাগরিক নেপালে আটকে পড়েছেন। তাঁদের মধ্যে দু’জনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। বাকি ৩৭ জনের এখনও কোনও খোঁজ মেলেনি। নিখোঁজদের মধ্যে প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা রায়ও রয়েছেন। তাঁর পরিবারও এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন। পাশাপাশি নিখোঁজদের পরিবারের সুবিধার জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার কথাও জানিয়েছেন তিনি।
পরিবারগুলিকে আশ্বস্ত করে শুভেন্দু বলেন, “বিদেশমন্ত্রী সব কিছুর খোঁজখবর রাখছেন। রাজ্য সরকার কাজ করছে। আমরা গতকাল দু’জনের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। আমি নিজে মনিটরিং করছি।” দমদমের এক মহিলা মুখ্যমন্ত্রীর কাছে হাতজোড় করে পরিজনকে খুঁজে দেওয়ার আবেদন করলে তিনি বলেন, “হাত জোড় করবেন না। আমরা পাশে আছি।”
মুখ্যমন্ত্রী আরও জানান, বসিরহাটের যে দু’জনের সঙ্গে যোগাযোগ হয়েছে, তাঁদের বিমানে করে দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। পরিবারের কেউ নেপালে যেতে চাইলে সেই বিষয়টিও সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, ভারত ও নেপাল সরকারের মধ্যে যোগাযোগ রয়েছে এবং প্রয়োজন হলে নিখোঁজদের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য নেপালে টিম পাঠানোর বিষয়টিও দেখা হবে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







