চোর ধরতে সিসিটিভি খতিয়ে দেখেছিল পুলিশ। কিন্তু ফুটেজ সামনে আসতেই চোখ কপালে তদন্তকারীদের! চোর কোনও মানুষ নয়, একেবারে চারপেয়ে এক পথকুকুর! মধ্যপ্রদেশের মন্দসৌর জেলা হাসপাতালে রাতের অন্ধকারে প্রায় ৪ লক্ষ টাকার গয়না ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয় কুকুরটি। জানা গিয়েছে, ব্যাগে সোনার মঙ্গলসূত্র, কানের দুল, সোনার পুঁতি, রুপোর নূপুরের পাশাপাশি ছিল নগদ দু’হাজার টাকা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন মেয়ের সঙ্গে ছিলেন কায়মপুরের বাসিন্দা লতা বাই। বাড়িতে গয়না রাখা নিরাপদ মনে না হওয়ায় তিনি সেগুলি একটি ব্যাগে ভরে হাসপাতালে নিয়ে এসেছিলেন। ২৪ অগস্ট রাত থেকে ভোরের মধ্যে আচমকাই ব্যাগটি উধাও হয়ে যায়। এরপর থানায় অভিযোগ দায়ের হলে তদন্তে নামে পুলিশ। হাসপাতালের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতেই ধরা পড়ে অদ্ভুত ঘটনা।
ভোররাতে একটি পথকুকুর হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে ঢুকে মুখে করে ব্যাগটি নিয়ে বেরিয়ে যায়। পরে আশপাশের একাধিক সিসিটিভি ফুটেজ দেখে কুকুরটির গতিবিধি অনুসরণ করে ব্যাগটির সন্ধান পান তদন্তকারীরা। পুলিশের অনুমান, ব্যাগের ভিতরে থাকা খাবারের গন্ধেই কুকুরটি ব্যাগটির প্রতি আকৃষ্ট হয়েছিল। ঘটনাটির সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। গয়না চুরি করতে নয়, খাবারের টানেই ‘চোর’ হয়েছিল কুকুরটি!
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







