best news portal development company in india

যাদবপুরে দশ হাজার কণ্ঠে গাওয়া হবে ‘বন্দে মাতরম’ — থাকবেন মুখ্যমন্ত্রী

SHARE:

যাদবপুরকে ঘিরে বিতর্কের মাঝেই এবার বড় কর্মসূচির ঘোষণা। আগামী ২৮ অগস্ট, শুক্রবার যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ডে দশ হাজার কণ্ঠে গাওয়া হবে ‘বন্দে মাতরম’। এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক অশান্তি এবং জাতীয়তাবাদ নিয়ে বিতর্কের আবহেই এই কর্মসূচিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

গত সপ্তাহে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্র সংগঠন ও এবিভিপির মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়ায়। দু’পক্ষের হাতাহাতিতে বেশ কয়েকজন ছাত্র আহত হন। এই ঘটনার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। এমনকী, অশান্তির সময় নন্দলাল বসুর তৈরি শতদল এমব্লেম ভাঙচুরের অভিযোগও ওঠে।

এরপরই যাদবপুর প্রসঙ্গে সরব হন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ে ‘বন্দে মাতরম’ গাইতে দেওয়া হয় না, জাতীয় পতাকা ওড়ানো হয় না এবং শিক্ষা দফতরের কাজেও বাধা দেওয়া হয়েছে। তাঁর দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে এবং বাইরে জাতীয়তাবাদের বার্তা পৌঁছে দেওয়া হবে।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, “যাঁরা ২৬ জানুয়ারি বা ১৫ অগস্ট পালন করেন না, তাঁদের পক্ষ নিয়ে যতই কথা বলা হোক, সরকার নিজের অবস্থান থেকে একচুলও সরবে না।” তিনি আরও বলেন, রাষ্ট্রবাদ, সনাতন সংস্কৃতি, ‘বন্দে মাতরম’, তেরঙ্গা এবং রবীন্দ্রনাথ, নেতাজি ও বঙ্কিমচন্দ্রের ঐতিহ্যের সঙ্গে কোনও আপস করা হবে না।

আর সেই আবহেই ২৮ অগস্ট যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ডে দশ হাজার মানুষের কণ্ঠে একসঙ্গে ‘বন্দে মাতরম’ গান গাওয়ার কর্মসূচি। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *