নেপালে ভয়াবহ হড়পা বানে আটকে পড়েছেন কলকাতার ৩২ জন পর্যটক। একটি ভ্রমণ সংস্থার মাধ্যমে তাঁরা নেপাল সফরে গিয়েছিলেন। বুধবার সকালে নেপাল-তিব্বত সীমান্ত পেরোনোর কথা ছিল তাঁদের। কিন্তু আচমকা বন্যার পর থেকেই তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনায় উদ্বেগে পরিবারগুলি। পরিস্থিতির উপর নজর রাখছে নবান্ন। মুখ্যমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত বাংলার বাসিন্দা ও তাঁদের পরিবারের জন্য হেল্পলাইন চালু করা হয়েছে। নম্বর— (০৩৩) ২৪৭৯-৩৩১১ এবং ৯১৪৭৮৯০১৮১।
বুধবার সকালে আচমকা নদীর জলস্তর বাড়তে শুরু করে। এরপরই নেপালের চিন সীমান্তবর্তী রসুয়া জেলায় হড়পা বান নেমে আসে। মুহূর্তের মধ্যে বিস্তীর্ণ এলাকায় শুরু হয় ধ্বংসযজ্ঞ। তিব্বতের গাইরং-সহ একাধিক এলাকাতেও বন্যার প্রভাব পড়েছে বলে জানা যাচ্ছে। ভারী বৃষ্টির কারণে এই বিপর্যয় হয়েছে কি না, তা নিয়ে এখনও প্রশ্ন রয়েছে। পাশাপাশি তিব্বত থেকে জল নেমে আসা এবং হিমবাহের জলাধার ভেঙে যাওয়ার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। নেপাল পর্যটন বোর্ডের হিসাব অনুযায়ী, বন্যাদুর্গত এলাকা থেকে বহু পর্যটকের খোঁজ মিলছে না। তাঁদের মধ্যে ভারতীয় নাগরিকও রয়েছেন। কলকাতার ৩২ পর্যটকের খোঁজ পেতে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে তাঁদের পরিবার।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







