ভারত-চিন সীমান্তে টানাপোড়েনের মধ্যেই ব্রিকস সম্মেলনে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভারত সফর নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রায় ৪০০ সদস্যের প্রতিনিধি দল নিয়ে ভারতে আসতে পারেন শি জিনপিং। যদিও তাঁর সফর নিয়ে বেজিংয়ের তরফে এখনও সরকারি ঘোষণা করা হয়নি।
এই সফরের সম্ভাবনা এমন সময়ে সামনে এসেছে, যখন অরুণাচল প্রদেশকে কেন্দ্র করে ভারত ও চিনের মধ্যে ফের চাপানউতোর তৈরি হয়েছে। অরুণাচলকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চিন। অন্যদিকে, নয়াদিল্লি বারবার স্পষ্ট করেছে, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ।
দুই দেশের মধ্যে ৩৪৮৮ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। দীর্ঘদিন ধরেই সীমান্ত নিয়ে বিবাদ চলছে। ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কে আরও অবনতি হয় এবং সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছিল।
এরই মধ্যে সীমান্ত সমস্যা ও প্রকৃত নিয়ন্ত্রণরেখা নিয়ে আলোচনা করতে চিন সফরে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। মঙ্গলবার চিনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে বৈঠক করেন তিনি। দুই দেশের মধ্যে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
ফলে ব্রিকস সম্মেলনে শি জিনপিংয়ের সম্ভাব্য ভারত সফর কূটনৈতিক দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক মহল।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







