পার্ক স্ট্রিটের ফুটপাথে নাতির জন্য দুধ গরম করা এক মহিলাকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই এবার তাঁর সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সল্টলেকে বিজেপির দফতরে শিশুকে কোলে নিয়ে হঠাৎ হাজির হন ওই মহিলা, সীতাদেবী।
ঘটনাকে কেন্দ্র করে গত দু’দিন ধরে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। অভিযোগ, পার্ক স্ট্রিটের ফুটপাথে নাতির জন্য দুধ গরম করার সময় পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল তাঁকে ফুটপাথ থেকে সরে যেতে নির্দেশ দেন। এরপরই বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়।
মঙ্গলবার বিজেপি দফতরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন সীতাদেবী। কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। তাঁর কোলে থাকা শিশুর মাথায় হাত রেখে তাঁকে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী।
শুভেন্দু অধিকারী বলেন, “বিজেপি সরকার সকলের জন্য। সব ব্যবস্থা নেওয়া হবে।” পরে তিনি জানান, সীতাদেবী কারও বিরুদ্ধে অভিযোগ করেননি এবং সরকারের উপর তাঁর আস্থা রয়েছে।
ফুটপাথে না থেকে তাঁর জন্য থাকার ব্যবস্থা করার আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “ফুটপাথ তো মানুষের জন্য। আমরা আপনার থাকার ব্যবস্থা করব।”
ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। একদিকে ফুটপাথ দখলমুক্ত রাখার প্রশ্ন, অন্যদিকে অসহায় মানুষের পুনর্বাসন—দুই বিষয় নিয়েই নতুন করে আলোচনা শুরু হয়েছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







