যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে বিতর্কের মধ্যেই ক্যাম্পাসের বেশ কিছু বিতর্কিত পোস্টার ও দেওয়াল লিখন ঢেকে দেওয়ার কাজ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে ক্যাম্পাসে থাকা ‘আপত্তিকর’ ও ‘দেশবিরোধী’ বলে চিহ্নিত স্লোগান এবং গ্রাফিতি মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, আগামী সপ্তাহ থেকেই ক্যাম্পাসে এই সাফাই অভিযান শুরু হতে পারে। তবে তার আগেই মঙ্গলবার কলা বিভাগের ছাত্রদের হস্টেল চত্বরে থাকা বেশ কিছু বিতর্কিত দেওয়াল লিখন নিজেরাই ঢেকে দেয় SFI।
এর আগে বিশ্ববিদ্যালয়ের হস্টেল চত্বরে থাকা কিছু দেওয়াল লিখন ও গ্রাফিতির ভিডিও সমাজমাধ্যমে প্রকাশ করে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ ছিল, ক্যাম্পাসে আপত্তিকর এবং দেশবিরোধী বার্তা সম্বলিত কিছু লেখা রয়েছে।
সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, যাদবপুরে ‘কিষেনজি রেড স্যালুট’ চলবে না এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, কয়েকজন পড়ুয়া আর্টস হস্টেলের কিছু ভিডিও মুখ্যমন্ত্রীর দফতরে পাঠিয়েছেন এবং সেগুলি যাচাইয়ের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পাঠানো হয়েছে।
এর পরেই মুখ্যমন্ত্রীর সমাজমাধ্যমে ওই দেওয়াল লিখন ও গ্রাফিতির ভিডিও প্রকাশ্যে আসে। তার ২৪ ঘণ্টার মধ্যেই কিছু লেখা ঢেকে দেওয়ার কাজ শুরু হওয়ায় নতুন করে চর্চা শুরু হয়েছে।
তবে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডল বিষয়টি নিয়ে এখনই কোনও মন্তব্য করতে চাননি। এদিকে, রাখীবন্ধন উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেতে পারেন বলেও প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







