best news portal development company in india

পুজো মিটতেই কলকাতা ও হাওড়ায় পুরভোট? প্রস্তুতি শুরু বিজেপির

SHARE:

দুর্গাপুজো মিটতেই কলকাতা কর্পোরেশন ও হাওড়া পুরসভায় ভোট হতে পারে—এমন জল্পনা ঘিরে রাজনৈতিক মহলে তৎপরতা শুরু হয়েছে। বিধানসভা নির্বাচনে বড় জয়ের পর এবার পুরসভাগুলিকেও নিজেদের দখলে আনতে প্রস্তুতি শুরু করেছে বিজেপি।

কলকাতা ও হাওড়া পুরসভাকে বিশেষ গুরুত্ব দিয়ে ইতিমধ্যেই ভোট পরিচালনার দায়িত্ব ভাগ করে দিয়েছে গেরুয়া শিবির। দলীয় সূত্রে খবর, কলকাতা কর্পোরেশন ভোটের ইনচার্জ করা হয়েছে প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে। সহ-ইনচার্জ হিসেবে রয়েছেন অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়। আহ্বায়ক তাপস রায়কে সহায়তা করবেন রিতেশ তিওয়ারি।

অন্যদিকে, হাওড়া পুরসভা ভোটের দায়িত্ব দেওয়া হয়েছে বর্ষীয়ান বিজেপি নেতা তথা রাজ্যসভার সাংসদ রাহুল সিনহাকে। আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সঞ্জয়কুমার সিং।

মঙ্গলবার সকালে সল্টলেকে বিজেপির দলীয় কার্যালয়ে পুরভোট নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। রাজ্যের বিজেপি পর্যবেক্ষক সুনীল বনসল বিধায়ক ও কাউন্সিলরদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। এরপরই কলকাতা ও হাওড়ার পুরভোটের দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে দলীয় সূত্রে খবর।

বিধানসভা নির্বাচনের সাফল্যের পর এবার কলকাতা ও হাওড়া পুরসভাকে ‘পাখির চোখ’ করছে বিজেপি। একইসঙ্গে আগামী দিনে রাজ্যের অন্যান্য পুরসভাতেও সংগঠন শক্তিশালী করে নির্বাচনী প্রস্তুতি শুরু করার পরিকল্পনা রয়েছে গেরুয়া শিবিরের। তবে পুজোর পরেই পুরভোট হবে কি না, তার চূড়ান্ত সিদ্ধান্ত এখনও ঘোষণা হয়নি।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *