অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে এবার রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা। কোথাও পুরসভা ঘেরাও, কোথাও রাস্তা অবরোধ, আবার কোথাও ট্রেন অবরোধের অভিযোগ। ফলে অন্নপূর্ণা যোজনা নিয়ে চাপ বাড়ছে সরকারের উপর।
শুক্রবার জঙ্গিপুর পুরসভায় অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে ব্যাপক বিক্ষোভ দেখান মহিলারা। বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পুরসভা চত্বর। তাঁদের অভিযোগ, একাধিকবার আবেদন করার পরেও তাঁরা প্রকল্পের টাকা পাচ্ছেন না। সমস্যা জানাতে বারবার পুরসভায় এসেও কোনও সমাধান হয়নি।
এদিন ক্ষুব্ধ মহিলারা পুরকর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, আবেদন করার পরেও কেন টাকা দেওয়া হচ্ছে না, তার স্পষ্ট জবাব দিতে হবে পুরসভা কর্তৃপক্ষকে। পাশাপাশি প্রকৃত যোগ্য উপভোক্তাদের দ্রুত টাকা দেওয়ার দাবিও জানান তাঁরা।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েকজন পুরকর্মী বিক্ষোভের মুখে পুরসভা ছেড়ে মহকুমা শাসকের দফতরের দিকে রওনা দেন। খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
অন্নপূর্ণার টাকা না পাওয়ার অভিযোগে এর আগেও বিভিন্ন জায়গায় বিক্ষোভের ঘটনা ঘটেছে। কোথাও প্রশাসনিক দফতর ঘেরাও, কোথাও রাস্তা অবরোধের অভিযোগ উঠেছে। এমনকি বিরাটি স্টেশনেও মহিলাদের ট্রেন অবরোধের খবর সামনে এসেছে। ডায়মন্ড হারবার রোডেও বিক্ষোভ ও অবরোধের অভিযোগ রয়েছে।
অভিযোগ, এর আগের বিক্ষোভে পুরকর্মীদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনাও ঘটেছিল। বারবার এই ধরনের বিক্ষোভের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পুরকর্মীরা।
নতুন মাসে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার সময়ই একের পর এক বিক্ষোভের ঘটনায় প্রশ্ন উঠছে, প্রকল্পের টাকা নিয়ে কোথায় সমস্যা হচ্ছে? যোগ্য উপভোক্তাদের টাকা কবে মিলবে—এখন সেই জবাবের অপেক্ষাতেই বিক্ষোভকারী মহিলারা।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







