নিউটাউনের লস্করআটি এলাকায় বিজেপির গোষ্ঠীকোন্দলকে কেন্দ্র করে উত্তেজনা। রাস্তার জমি দখল করে দলীয় কার্যালয় নির্মাণের অভিযোগ ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে বচসা থেকে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। প্রকাশ্য রাস্তায় দুই পক্ষের সংঘর্ষের জেরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে খবর, এক প্রাক্তন বিএসএফ কর্মীর কাছে টাকা চাওয়াকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। অভিযোগ, পবিত্র বিশ্বাস নামে এক ব্যক্তি নিজেকে বিজেপি কর্মী পরিচয় দিয়ে ওই প্রাক্তন বিএসএফ কর্মীর কাছে টাকা দাবি করেন। সেই টাকা দিতে অস্বীকার করার পর তাঁর বাড়ির বিপরীতে সাধারণ মানুষের চলাচলের রাস্তার জমি দখল করে বিজেপির পার্টি অফিস তৈরির চেষ্টা করা হয় বলে অভিযোগ।
রাস্তার উপর বেআইনি নির্মাণের অভিযোগ সামনে আসতেই প্রতিবাদে সরব হন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, সাধারণ মানুষের চলাচলের রাস্তা কোনওভাবেই দখল করা যাবে না। বিষয়টি নিয়ে টেকনো সিটি থানাতেও অভিযোগ জানানো হয়েছে।
এরপরই পার্টি অফিস নির্মাণকে কেন্দ্র করে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে আসে। দলের একাংশ ওই নির্মাণের পক্ষে দাঁড়ালেও অন্য একটি গোষ্ঠী তার বিরোধিতা করে। আর সেই বিরোধ থেকেই দুই পক্ষের মধ্যে প্রথমে তুমুল বচসা এবং পরে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে প্রকাশ্য রাস্তায় দুই গোষ্ঠীর সদস্যদের হাতাহাতিতে জড়িয়ে পড়তে দেখা যায়।
ঘটনার জেরে চকপাচুড়িয়া ও লস্করআটি এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তা দখল করে নির্মাণ এবং তোলাবাজির অভিযোগের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। একইসঙ্গে সাধারণ মানুষের চলাচলের রাস্তা অবিলম্বে দখলমুক্ত করার দাবিও জানিয়েছেন তাঁরা। এখন পুলিশি তদন্তে গোটা ঘটনার প্রকৃত কারণ এবং অভিযোগগুলির সত্যতা কতটা, তা খতিয়ে দেখা হচ্ছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







