যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে ফের উত্তেজনা। ছাত্র সংসদ না থাকা সত্ত্বেও জিবি মিটিং কেন করা হল, তা নিয়ে শুরু হওয়া বিতর্কের জেরে বৃহস্পতিবারও পরিস্থিতি উত্তপ্ত থাকে। ABVP-র মিছিল ঘিরে যাদবপুর থানার কাছে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। পুলিশের ব্যারিকেড পেরিয়ে ক্যাম্পাসের দিকে এগোনোর চেষ্টা করেন ABVP সমর্থকেরা।
অন্যদিকে, SFI-সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলিও পৃথক মিছিল করে। তাঁদের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম নেত্রী দীপ্সিতা ধর। বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের সামনে দুই পক্ষের মিছিল মুখোমুখি হওয়ার পরিস্থিতি তৈরি হলে পুলিশ ব্যারিকেড দিয়ে তা আটকানোর চেষ্টা করে। কিন্তু একাংশ ব্যারিকেড টপকে এগিয়ে যাওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
এদিকে, রাতভর যাদবপুর চত্বরে উত্তেজনার পর বৃহস্পতিবার দুপুরেও নতুন করে অশান্তির পরিস্থিতি তৈরি হওয়ায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। গোলপার্ক থেকে যাদবপুরের দিকে যাওয়ার রাস্তার একটি অংশও সাময়িকভাবে বন্ধ করে দেয় পুলিশ। বিশ্ববিদ্যালয় চত্বরে যাতে নতুন করে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে নজর রাখছে প্রশাসন।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







