আজ, বৃহস্পতিবার রাতেই উত্তরবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিন দিনের এই সফরে একদিকে পাহাড়ের দীর্ঘদিনের সমস্যা নিয়ে বৈঠক, অন্যদিকে উত্তরবঙ্গের নিরাপত্তা পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেক’ করিডরের নিরাপত্তা নিয়ে আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে।
ভারত-নেপাল সীমান্তে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর সক্রিয়তা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ রয়েছে। গত কয়েক দিনে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সন্দেহভাজন পাক এজেন্ট গ্রেফতারের ঘটনাও সামনে এসেছে। বিশেষ করে দিনহাটা এলাকায় একাধিক ব্যক্তিকে পাক এজেন্ট সন্দেহে গ্রেফতার করেছে রাজ্য এসটিএফ। পাশাপাশি ভারত-বাংলাদেশ সীমান্তে চিনের নজরদারি নিয়েও নিরাপত্তা মহলে উদ্বেগ রয়েছে।
এই পরিস্থিতিতে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ করিডর ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে উত্তরবঙ্গ সফরে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর একাধিক প্রশাসনিক ও নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করার সম্ভাবনা রয়েছে।
অমিত শাহের সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে পাহাড় সমস্যা। দীর্ঘদিন ধরেই পাহাড়ের রাজনৈতিক দল ও নেতারা স্থায়ী সমাধানের দাবি জানিয়ে আসছেন। রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও পাহাড়ের নেতাদের বৈঠক হয়েছে। এবার সেই সমস্যার সমাধানের পথ খুঁজতে ২২ আগস্ট পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে পারেন অমিত শাহ।
জানা গিয়েছে, ওই বৈঠকে সাংসদ রাজু বিস্তা, পার্বত্য বিষয়ক রাষ্ট্রমন্ত্রী বিশাল লামা, অর্থ ও পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন এবং পাহাড়ের তিন বিধায়ক সোনম লামা, নোম্যান রাই ও ভরত ছেত্রী উপস্থিত থাকতে পারেন। পাশাপাশি গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং, সাধারণ সম্পাদক রোশন গিরি, জিএনএলএফ সভাপতি মন ঘিসিং, সম্পাদক নিরজ জিম্বা-সহ অন্যান্য আঞ্চলিক রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও বৈঠকে থাকার কথা রয়েছে।
বিধায়ক নোমান রাই জানিয়েছেন, তাঁদের ২২ আগস্টের বৈঠকের বিষয়ে জানানো হয়েছে। সেখানে মূলত পাহাড়ের সমস্যা নিয়েই আলোচনা হবে। ফলে অমিত শাহের এই উত্তরবঙ্গ সফর রাজনৈতিক এবং প্রশাসনিক—দুই দিক থেকেই যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







