best news portal development company in india

১০ হাজারের বেশি রোজগারে মিলবে না অন্নপূর্ণা! ঘোষণা মুখ্যমন্ত্রীর

SHARE:

বিশেষ সংবাদদাতা, কলকাতা: ১৭ আগস্ট থেকেই যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে অন্নপূর্ণা যোজনার টাকা। ফের একবার সেই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বর্তমানে অন্তিম পর্যায়ে চলছে উপভোক্তাদের ঝাড়াই-বাছাই ও যাচাইয়ের কাজ। যাঁদের ভেরিফিকেশন ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে, তাঁদের অ্যাকাউন্টে নির্ধারিত সময়েই টাকা পাঠানো হবে।

বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সংকল্পপত্রে ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের অন্নপূর্ণা যোজনার আওতায় আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর সেই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জুন মাসে প্রায় ২৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পৌঁছেছিল। জুলাই মাসে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় এক কোটি ১৯ লক্ষ। চলতি মাসে আরও বেশি সংখ্যক যোগ্য মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানিয়েছেন তিনি।

তবে অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে এবার গুরুত্বপূর্ণ একটি শর্তের কথাও জানালেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট করে দিয়েছেন, মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে না। যোগ্য উপভোক্তা বাছাইয়ের ক্ষেত্রে এই আয়সীমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে যাঁরা প্রকল্পের জন্য যোগ্য নন, তাঁদের নাম যাতে তালিকায় না থাকে, সেজন্য নিয়মিত যাচাই করা হবে।

মুখ্যমন্ত্রীর দাবি, অনেক মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না বলে অভিযোগ জানিয়েছেন। আবার অন্যদিকে এমন অভিযোগও এসেছে যে, যোগ্য না হওয়া সত্ত্বেও কেউ কেউ প্রকল্পের সুবিধা পাচ্ছেন। সেই কারণেই সরকার এসওপি মেনে ভেরিফিকেশনের উপর জোর দিচ্ছে। যাঁদের যাচাই-পর্ব সম্পূর্ণ হয়েছে, তাঁদের ১৭ আগস্ট থেকেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

আগামী মাস থেকে আর টাকা পেতে দীর্ঘ অপেক্ষা করতে হবে না বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠাবে রাজ্যের অর্থ দফতর। জেলা ধরে ধরে টাকা ট্রান্সফার করা হবে।

পাশাপাশি পূর্ববর্তী সরকারের সময় আর্থিক প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে সরব হন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, বর্তমান সরকার কোনওভাবেই অযোগ্য ব্যক্তির হাতে সরকারি প্রকল্পের টাকা যেতে দেবে না। নিয়ম মেনেই প্রতিটি উপভোক্তার যাচাই হবে এবং অগ্রাধিকারের ভিত্তিতে ২৫ থেকে ৬০ বছর বয়সি যোগ্য মহিলাদের অন্নপূর্ণা যোজনার সুবিধা দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর বার্তা, যাঁদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে, তাঁদের টাকা পাওয়া নিয়ে কোনও চিন্তার কারণ নেই।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *