best news portal development company in india

নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ আগুন, ধোঁয়ায় দমবন্ধ হয়ে অসুস্থ ৯

SHARE:

খাস কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের একটি চারতলা ভবনে রাত দুটো নাগাদ আচমকাই আগুন ধরে যায়। ভবনটিতে একাধিক হোটেল থাকায় মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। অধিকাংশ হোটেলেই বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য আসা নাগরিকরা ছিলেন বলে জানা গিয়েছে। মধ্যরাতে আগুন লাগায় অনেক আবাসিক প্রথমে বিষয়টি টেরই পাননি। পরে চারদিকে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়তেই আতঙ্কে হোটেলের ভিতরে হুড়োহুড়ি শুরু হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং নিউ মার্কেট থানার পুলিশ। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি হোটেলের ভিতরে আটকে থাকা আবাসিকদের নিরাপদে বের করে আনার কাজ শুরু হয়। এখনও পর্যন্ত ৯ জনকে উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও দমকলের প্রাথমিক অনুমান, আগুনের থেকেও ভয়াবহ হয়ে উঠেছিল ধোঁয়া। হোটেলের বেরনোর পথের কাছে আগুন লাগায় দ্রুত বেরোতে পারেননি অনেকে। ফলে ধোঁয়ায় দমবন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন।

ঘটনাস্থলের কাছেই দমকলের সদর দফতর থাকায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে দমকল। আপাতত আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং হোটেলের সমস্ত আবাসিককে নিরাপদে বের করে দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে অনুমান দমকল বিভাগের। তবে ঠিক কী কারণে আগুন লাগল এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শনে পৌঁছেছেন দমকলমন্ত্রী কৌশিক চৌধুরী। দুর্ঘটনায় কোনও প্রাণহানি হয়েছে কি না, তা নিশ্চিত করতে ভবনের বিভিন্ন অংশে তল্লাশি চালানো হচ্ছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *