তৃণমূল শাসিত পুরসভাগুলোতে একের পর এক ভাঙনের ছবি সামনে আসছে। পদত্যাগ করছেন পুরপ্রধান থেকে শুরু করে কাউন্সিলররা। এবার সেই তালিকায় যুক্ত হল উলুবেড়িয়া পুরসভা। মঙ্গলবারের পর বুধবারও একাধিক কাউন্সিলর পদত্যাগ করলেন। এদিন উলুবেড়িয়া পুরসভার ভাইস চেয়ারম্যান এনামুর রহমান-সহ ৯ জন কাউন্সিলর পদত্যাগপত্র জমা দেন উলুবেড়িয়ার মহকুমাশাসক মানস কুমার মণ্ডলের কাছে। মঙ্গলবার পুরসভার চেয়ারম্যান অভয় দাস-সহ ১০ জন পদত্যাগ করেছিলেন। ফলে দু’দিনে মোট ১৯ জন কাউন্সিলর পদত্যাগ করলেন। ৩২টি ওয়ার্ডের উলুবেড়িয়া পুরসভায় অর্ধেকের বেশি কাউন্সিলর পদত্যাগ করায় কার্যত বোর্ড ভেঙে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্যে পালাবদলের তিন মাসের মধ্যেই উলুবেড়িয়া পুরসভার ক্ষমতার সমীকরণ বদলাতে চলেছে।
ভাইস চেয়ারম্যান এনামুর রহমান-সহ পদত্যাগী কাউন্সিলররা অসুস্থতার কারণ দেখিয়েছেন। তবে এনামুর রহমানের দাবি, রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর কাজ করতে নানা সমস্যার মুখে পড়তে হয়েছিল তাঁদের। অর্থের অভাবে উন্নয়নমূলক কাজ ব্যাহত হচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি। তাঁর কথায়, এই পরিস্থিতিতে পুরসভা চালানো সম্ভব না হওয়ায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। অন্যদিকে, কাউন্সিলরদের পদত্যাগকে ঘিরে তৎপরতা বেড়েছে বিজেপির। সকাল থেকেই মহকুমাশাসকের দফতরের সামনে স্থানীয় বিজেপি নেতৃত্বের আনাগোনা দেখা যায়। পদত্যাগী কাউন্সিলরদের সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকদের শুভেচ্ছা বিনিময় করতেও দেখা যায়। এ বিষয়ে উলুবেড়িয়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর তথা বিজেপি নেতা নবকুমার মাল বলেন, তাঁরা পরিস্থিতি দেখেছেন এবং বিষয়টি দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানাবেন।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







