বুধবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, গ্রামে বসবাসকারী যে সমস্ত মহিলার তিন কামরার বাড়ি রয়েছে, তাঁরাও এবার অন্নপূর্ণা যোজনার আওতায় আসবেন। অর্থাৎ, অন্নপূর্ণা যোজনার পরিধি আরও কিছুটা বাড়ানো হল। পাশাপাশি দিব্যাঙ্গ ভাতা এবং পিএম কিসান যোজনার সুবিধাভোগীরাও ওই ভাতার পাশাপাশি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। মুখ্যমন্ত্রী জানান, তিন কক্ষের বাড়ি থাকার কারণে গ্রামের বহু মহিলার নাম এই প্রকল্প থেকে বাদ গিয়েছিল। এবার গ্রামীণ এলাকায় সেই নিয়ম শিথিল করা হয়েছে। সেখানে ঘরের সংখ্যার কোনও বাধ্যবাধকতা রাখা হয়নি। গ্রামীণ এলাকার আরও বেশি মহিলা যাতে অন্নপূর্ণা যোজনার সুবিধা পান, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জমির পরিমাণের ক্ষেত্রেও ছাড় দেওয়া হচ্ছে। কলকাতা, হাওড়ার মতো সাতটি কর্পোরেশন এলাকায় ৫০ ডেসিমলের বেশি জমির মালিকদের ক্ষেত্রেও এই সুবিধা দেওয়ার কথা জানানো হয়েছে।
এর ফলে আরও বহু মহিলা অন্নপূর্ণা যোজনার আওতায় আসার সুযোগ পাবেন। মুখ্যমন্ত্রী জানান, মোট কতজন মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন, তা আগামী ১৭ অগস্ট বিকেলে মন্ত্রী মালতী রাভা রায় জানাবেন। তবে জুলাই মাসে তিন কক্ষের বাড়ি থাকার কারণে যে লক্ষাধিক মহিলা অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হয়েছিলেন, এবার তাঁদের নামও তালিকায় যুক্ত করা হয়েছে। অগস্ট মাসে ৯৯ শতাংশ প্রকৃত প্রাপকের হাতে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে যাবে বলেই আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







