নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের মন্তব্য ঘিরে কয়েকদিন ধরেই বিতর্ক চলছে। তাঁর বক্তব্যের বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগও দায়ের হয়েছে। এরই মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতাজি সম্পর্কে কটূক্তির ঘটনায় কঠোর পদক্ষেপের নির্দেশ দেওয়ায় অনন্ত মহারাজকে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়। তবে সেই আবহেই এবার সুর নরম করলেন তিনি। অনন্ত মহারাজের দাবি, তিনি কারও নামে বদনাম করেননি। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর কোনও কথা হয়নি বলেও জানিয়েছেন তিনি।
সম্প্রতি দিনহাটায় একটি কর্মসূচির শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কোচবিহারের মহারাজাকে নিয়ে মন্তব্য করেন অনন্ত মহারাজ। তাঁর দাবি ছিল, কোচবিহারের মহারাজা সারা পৃথিবীকে স্বাধীন করেছিলেন। পাশাপাশি মহাত্মা গান্ধী ও জওহরলাল নেহরুর নেতৃত্বে ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, তাঁদের আন্দোলনের মাধ্যমে যদি ভারত স্বাধীন হয়ে থাকে, তাহলে অন্যান্য রাষ্ট্র কীভাবে স্বাধীন হল।
এরপর নেতাজি ও আজাদ হিন্দ ফৌজ নিয়েও বিতর্কিত মন্তব্য করেন তিনি। অনন্ত মহারাজের দাবি, কোচবিহারের মহারাজা যুদ্ধ করে হিটলার এবং আজাদ হিন্দ ফৌজকে ধ্বংস করেছিলেন। তাঁর বক্তব্য ঘিরেই শুরু হয় তীব্র বিতর্ক। নেতাজির ভূমিকা নিয়ে তাঁর মন্তব্যের প্রতিবাদে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করা হয়।
এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর অনন্ত মহারাজের নতুন মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তিনি দাবি করেছেন, তাঁর বক্তব্যের মাধ্যমে কারও বদনাম করার উদ্দেশ্য ছিল না। তবে তাঁর আগের মন্তব্য নিয়ে বিতর্ক এবং অভিযোগের জল কতদূর গড়ায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







