স্বাধীনতার আগের রাতকে স্মরণীয় করে তুলতে নতুন কর্মসূচির ডাক দিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। মহিলাদের নিরাপত্তা, স্বাধীনভাবে চলাফেরার অধিকার এবং রাতের শহরে নারীদের উপস্থিতির বার্তা দিতে ১৪ আগস্ট রাত ৯টায় বালিগঞ্জ শিক্ষাসদন থেকে গোলপার্ক পর্যন্ত মিছিলের আয়োজন করা হয়েছে। ৮ থেকে ৮০ বছর বয়সি মহিলাদের এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।
বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নারী অধিকার ও নিরাপত্তা নিয়ে সরব হন অগ্নিমিত্রা পাল। মহিলাদের পোশাক, বাইরে বেরোনোর সময় কিংবা জীবনযাত্রা নিয়ে সামাজিক বিধিনিষেধ চাপিয়ে দেওয়ার প্রবণতার তীব্র প্রতিবাদ করেন তিনি। তাঁর কথায়, কখন বেরোবেন, কখন বাড়ি ফিরবেন বা কী পোশাক পরবেন, তা নিয়ে মহিলাদের কাউকে জবাবদিহি করতে হবে না। মহিলাদের নিরাপদ ও ভীতিহীন পরিবেশ দেওয়া সরকারের দায়িত্ব বলেও জানান তিনি। বিভিন্ন অপরাধের ঘটনায় মহিলাদের পোশাক বা চরিত্র নিয়ে প্রশ্ন তোলার মানসিকতারও সমালোচনা করেন মন্ত্রী।
১৪ আগস্ট রাত ৯টায় বালিগঞ্জ শিক্ষাসদন স্কুলের সামনে জমায়েত হবে। অগ্নিমিত্রা পালের নেতৃত্বে সেখান থেকে মিছিল শুরু হয়ে গোলপার্ক পর্যন্ত যাবে। পরে ব্রিজের নীচ দিয়ে ফের বালিগঞ্জ শিক্ষাসদনের সামনে ফিরে এসে কর্মসূচি শেষ হবে। স্কুলপড়ুয়া থেকে সংবাদকর্মী, সমস্ত বয়সের মহিলাদের মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে কর্মসূচি ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকেও নির্দেশ দেওয়া হয়েছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







