প্রায় ২ মাস পুলিশের চোখে ধুলো দিয়ে দিব্যি কাটিয়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। পুলিশ তার টিকিটিও পায় নি। কিন্তু রবিবার হাজিরার শেষে সুমিত বিষয়টা অনেক পরিষ্কার করেন। সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পাওয়ার পর সিআইডি-র তলবে ভবানী ভবনে পরপর দু’দিন হাজিরা দিলেন। আর রবিবার হাজিরা শেষে অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায় জানিয়ে দিলেন, গত ২ মাস কোথায় ছিলেন তিনি। মুখ খুললেন তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ নিয়েও। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে জমি কেলেঙ্কারি মামলায় গতকাল সিআইডি ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে সুমিত রায়কে। রবিবার ফের তাঁকে তলব করা হয়েছিল। এদিন ফের ৮ ঘণ্টার মতো জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেকের পিএ-কে। ভবানী ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের একের পর এক প্রশ্নের মুখে পড়েন সুমিত। বেশিরভাগ প্রশ্নে মুখ খুলতে চাইলেন না। বিচারাধীন বলে পাশ কাটিয়ে গেলেন। আর অনেক প্রশ্নে সংক্ষিপ্ত উত্তর দিলেন।
এদিন সাংবাদিকরা তাঁর কাছে জানতে চান, এই ২ মাস আপনি কোথায় ছিলেন? প্রথমে সুমিত বলেন, “আমি এই বিষয়ে মন্তব্য করতে পারব না।” তারপর ফের প্রশ্ন করায় বললেন, “এদিকে, আশপাশেই ছিলাম।” তাহলে কি কলকাতাতেই ছিলেন অভিষেকের পিএ, উঠছে প্রশ্ন। তাঁকে আরও প্রশ্ন করা হয়, এতদিন আত্মগোপন করে থাকলেন কেন? জবাবে সুমিত বলেন, “সুপ্রিম কোর্ট যেমন নির্দেশ দিয়েছে, তা-ই তো মেনে চলছি।” তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ নিয়ে বলেন, “আমি মন্তব্য করতে পারব না।” প্রশ্ন করা হয়, সেবাশ্রয় থেকে বিভিন্ন দুর্নীতির অভিযোগে কেন আপনার নাম জড়াচ্ছে? সেবাশ্রয় নিয়ে মুখে কুলুপ এঁটে রইলেন। বললেন, “বলতে পারব না। সেবাশ্রয় নিয়ে মন্তব্য করতে পারব না।”
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







