রাজ্যের রাজনৈতিক সমীকরণে ফের নতুন জল্পনা। এনডিএ-র বৈঠকে আমন্ত্রণ পাওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও বঙ্গভবনে বৈঠকে বসতে পারেন এনসিপিআই-র সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার-সহ একাধিক বিদ্রোহী সাংসদ। সূত্রের খবর, মঙ্গলবার দুপুর ১টা নাগাদ এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। বীরভূমের সাংসদ শতাব্দী রায় জানিয়েছেন, একাধিক সাংসদের মনে থাকা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মতামত ও পর্যবেক্ষণ মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরা হতে পারে। বিদ্রোহী সাংসদদের এনসিপিআই-তে অন্তর্ভুক্তির আবেদন এখনও লোকসভার স্পিকারের বিবেচনাধীন থাকলেও, এই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ জল্পনা শুরু হয়েছে।
বিধানসভা নির্বাচনের পর থেকেই তৃণমূলের একাংশের সাংসদদের অবস্থান নিয়ে আলোচনা চলছে। বিদ্রোহী সাংসদরা স্পিকারের কাছে এনসিপিআই-র সঙ্গে তাঁদের একীভূত হওয়ার আবেদন জানিয়েছেন, যার সিদ্ধান্ত এখনও প্রকাশিত হয়নি। এর মধ্যেই সংসদের সর্বদলীয় বৈঠকে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদারের উপস্থিতি রাজনৈতিক মহলে নতুন বার্তা দিয়েছে। এবার বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য বৈঠক ঘিরে রাজ্য রাজনীতিতে জল্পনা আরও তীব্র হয়েছে। তবে বৈঠকের বিষয়বস্তু বা সম্ভাব্য সিদ্ধান্ত নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বক্তব্য সামনে আসেনি।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







