দেশের বিভিন্ন মুখ্যমন্ত্রীর নির্বাচনী হলফনামায় উল্লেখ করা সম্পদের ভিত্তিতে নতুন রিপোর্ট প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR)। সেই তালিকা অনুযায়ী, সবচেয়ে কম সম্পদের মুখ্যমন্ত্রীদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রিপোর্টে দেখা গিয়েছে, সর্বনিম্ন সম্পদের তালিকায় প্রথমে রয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তাঁর মোট ঘোষিত সম্পত্তির পরিমাণ ৫৫ লক্ষ ২৪ হাজার ৪৩০ টাকা। দ্বিতীয় স্থানে রয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর ঘোষিত অস্থাবর সম্পত্তি ২৪ লক্ষ ৫৭ হাজার ৬০০ টাকা এবং স্থাবর সম্পত্তি ৬১ লক্ষ ৩০ হাজার টাকা। সব মিলিয়ে তাঁর মোট ঘোষিত সম্পত্তির পরিমাণ ৮৫ লক্ষ ৮৭ হাজার ৬০০ টাকা। তৃতীয় স্থানে রয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, যার মোট ঘোষিত সম্পত্তির পরিমাণ ১ কোটি ৪৬ লক্ষ ৫৬ হাজার ৬৬৬ টাকা।
অন্যদিকে, সর্বাধিক সম্পদের মুখ্যমন্ত্রীদের তালিকায় শীর্ষে রয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু। ADR-এর তথ্য অনুযায়ী, তাঁর মোট ঘোষিত সম্পত্তির পরিমাণ প্রায় ৯৩১ কোটি টাকা। তালিকায় আরও রয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমার, যার ঘোষিত সম্পত্তির পরিমাণ ১,৪১৩ কোটিরও বেশি টাকা। এছাড়া তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় এবং অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খাণ্ডুর নামও রয়েছে ধনী মুখ্যমন্ত্রীদের তালিকায়। ADR জানিয়েছে, এই তথ্য সংশ্লিষ্ট মুখ্যমন্ত্রীদের নির্বাচনী হলফনামায় উল্লেখ করা সম্পদের ভিত্তিতেই প্রস্তুত করা হয়েছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







