best news portal development company in india

আজ থেকেই হাওড়া স্টেশনে চালু ২৪ নম্বর নতুন প্ল্যাটফর্ম, কমবে ট্রেনের জট ও যাত্রী ভোগান্তি

SHARE:

হাওড়া স্টেশনে ট্রেনের চাপ কমাতে এবং যাত্রী পরিষেবা আরও উন্নত করতে চালু হল নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম। সোমবার থেকেই এই প্ল্যাটফর্ম থেকে ট্রেন চলাচল শুরু হওয়ার কথা। যদিও সকালে কিছু কারিগরি প্রস্তুতির কারণে পরিষেবা শুরুতে সামান্য দেরি হয়। রেল সূত্রে জানা গিয়েছে, দুপুরের পর থেকেই নতুন প্ল্যাটফর্ম থেকে ট্রেন চলাচল শুরু হবে।

এতদিন হাওড়া স্টেশনের দীর্ঘতম প্ল্যাটফর্ম ছিল ৯ নম্বর। কিন্তু ক্রমবর্ধমান ট্রেন চলাচলের চাপ সামাল দিতে তা আর যথেষ্ট ছিল না। সেই কারণেই পূর্ব রেল প্রায় ৬৩৫ মিটার দীর্ঘ নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম তৈরি করেছে। এই প্ল্যাটফর্মে একসঙ্গে ২৬ বগির দীর্ঘ দূরপাল্লার ট্রেন সহজেই দাঁড় করানো সম্ভব হবে। ফলে স্টেশনের বাইরে ট্রেন দাঁড়িয়ে থাকার প্রবণতা কমবে এবং যাত্রীদেরও অপেক্ষার সময় অনেকটাই হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।

পূর্ব রেলের তথ্য অনুযায়ী, নতুন প্ল্যাটফর্ম নির্মাণে প্রায় ৩ কোটি টাকা ব্যয় হয়েছে। মূলত মেল ও এক্সপ্রেস ট্রেন পরিচালনার সুবিধার কথা মাথায় রেখেই এই পরিকাঠামো তৈরি করা হয়েছে। রেল কর্তাদের আশা, এর ফলে হাওড়া স্টেশনের অপারেশন আরও গতিশীল হবে এবং ট্রেন চলাচলেও গতি আসবে।

উল্লেখ্য, গত জুলাই মাসেই হাওড়া স্টেশনকে আধুনিকীকরণের জন্য একাধিক পরিকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা ঘোষণা করেছিল পূর্ব রেল। সেই পরিকল্পনার অংশ হিসেবেই তৈরি হয়েছে ২৪ নম্বর প্ল্যাটফর্ম। পাশাপাশি ১০-১১ এবং ১২-১৩ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজও দ্রুত এগোচ্ছে, যাতে ভবিষ্যতে আরও বেশি সংখ্যক দূরপাল্লার ট্রেন পরিচালনা করা যায়।

এছাড়াও ১৬ নম্বর নতুন প্ল্যাটফর্মের নির্মাণকাজও চলছে। রেল কর্তৃপক্ষের আশা, পর্যায়ক্রমে এই সব কাজ সম্পূর্ণ হলে হাওড়া স্টেশনের সামগ্রিক পরিকাঠামো আরও শক্তিশালী হবে এবং প্রতিদিন লক্ষাধিক যাত্রীর যাতায়াত অনেকটাই স্বস্তিদায়ক হয়ে উঠবে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *