দেশজুড়ে নিট প্রশ্নফাঁস ইস্যুতে বিতর্কের আবহের মধ্যেই মহারাষ্ট্রের শিক্ষক নিয়োগ (TET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস মামলায় বড় সাফল্য পেল পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে বিহার থেকে গ্রেফতার করা হল এই চক্রের মূল অভিযুক্ত বীরেন্দ্র গুপ্তাকে। শুক্রবার মহারাষ্ট্র পুলিশের বিশেষ দল তাঁকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয়।
তদন্তকারী সংস্থার দাবি, বীরেন্দ্র গুপ্তা দীর্ঘদিন ধরেই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে যুক্ত। গত ২৮ জুন মহারাষ্ট্রে অনুষ্ঠিত শিক্ষক নিয়োগ পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসতেই তদন্ত শুরু হয়। সেই মামলায় ইতিমধ্যেই একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বীরেন্দ্রর স্ত্রী সুমন গুপ্তাকেও এর আগেই গ্রেফতার করা হয়েছিল। তবে ঘটনার পর থেকেই আত্মগোপন করেছিলেন বীরেন্দ্র।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর মেলে যে তিনি বিহারে লুকিয়ে রয়েছেন। এরপর একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে শেষ পর্যন্ত তাঁকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় আরও এক ব্যক্তিকেও আটক করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে প্রশ্নফাঁস চক্রের আরও সদস্যদের খোঁজ চালানো হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের পর প্রথমবার জাতীয় স্তরে বীরেন্দ্র গুপ্তার নাম সামনে আসে। একটি স্টিং অপারেশনে তিনি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র কীভাবে ফাঁস করা হয় এবং সেই চক্র কীভাবে কাজ করে, সে বিষয়ে বিস্ফোরক দাবি করেছিলেন। তদন্তকারীদের মতে, সেই তথ্যের সূত্র ধরেই তাঁর বিরুদ্ধে নজরদারি আরও বাড়ানো হয়েছিল।
মহারাষ্ট্র TET প্রশ্নফাঁস মামলায় এই গ্রেফতারকে তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলেই মনে করছে পুলিশ। এখন জিজ্ঞাসাবাদের মাধ্যমে গোটা চক্রের নেপথ্যে থাকা অন্যান্য অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







