best news portal development company in india

আজ বিধানসভায় সিএজি রিপোর্ট পেশ, ‘সেবাশ্রয়’ নিয়ে অভিষেককে নিশানা করতে পারেন মুখ্যমন্ত্রী

SHARE:

শনিবারের বিধানসভা অধিবেশন ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। আজ বিধানসভায় একাধিক সিএজি (CAG) রিপোর্ট পেশ করার পাশাপাশি ‘সেবাশ্রয়’ কর্মসূচি নিয়ে বিস্তৃত বিবৃতি দিতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি সূত্রের দাবি, ওই বিবৃতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে একাধিক আর্থিক অনিয়ম ও প্রশাসনিক দুর্নীতির অভিযোগ তুলে ধরা হতে পারে।

সূত্রের খবর, ‘সেবাশ্রয়’ শিবির পরিচালনার নামে বিপুল আর্থিক অনিয়ম, বেসরকারি নার্সিংহোম থেকে চিকিৎসা সরঞ্জাম জোর করে নিয়ে আসা এবং শিবির সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ ব্যবহৃত ও অব্যবহৃত ওষুধ উদ্ধারের মতো বিষয়গুলি মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসতে পারে। এছাড়া চিকিৎসায় গাফিলতির অভিযোগে একাধিক রোগী স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাও বিধানসভায় তুলে ধরা হতে পারে বলে প্রশাসনিক মহলের দাবি।

শুধু ‘সেবাশ্রয়’ নয়, পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলের বিভিন্ন প্রকল্প নিয়ে নিয়ন্ত্রক ও মহালেখা পরীক্ষক (সিএজি)-এর মোট ২৮টি রিপোর্টও এদিন বিধানসভায় পেশ করা হবে। আমফান ত্রাণ বণ্টন-সহ একাধিক প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়ে তৈরি এই রিপোর্টগুলি পরবর্তী পর্যায়ে আলোচনার জন্য পাঠানো হবে। সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।

গত বুধবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিয়েছিলেন, “যেখানে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে, তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন মন্ত্রী বা যত বড় রাজনৈতিক নেতাই হোন না কেন, তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়েরের জন্য রাজ্যপালের কাছে সুপারিশ করা হবে।”

এরই মধ্যে শুক্রবার বিধানসভায় ‘সেবাশ্রয়’ শিবির নিয়ে সরব হন ফলতার বিধায়ক দেবাংশু পণ্ডা। তাঁর অভিযোগ, একটি খেলার মাঠ দীর্ঘদিন ধরে শিবিরের নামে দখল করে রাখা হয়েছিল। সেই অস্থায়ী পরিকাঠামো সরিয়ে মাঠকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে সরকারি তহবিল থেকে প্রায় ২৪ লক্ষ টাকা খরচ করতে হবে বলেও দাবি করেন তিনি।

দেবাংশু পণ্ডার আরও অভিযোগ, ভোট-পরবর্তী সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে ওই প্যান্ডেল ব্যবহার করার পরিকল্পনা ছিল। বিষয়টি বিধানসভার নজরে এনে তিনি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ এবং পূর্ণাঙ্গ বিবৃতির দাবি জানান।

এই পরিস্থিতিতে আজকের বিধানসভা অধিবেশন ঘিরে রাজনৈতিক মহলের নজর এখন মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং সিএজি রিপোর্টের দিকেই।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *