অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশু ও মহিলা উপভোক্তাদের পুষ্টিকর খাবার নিশ্চিত করতে বড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। গরম খাবার এবং সকালের জলখাবারে ডিম দেওয়ার উদ্দেশ্যে প্লেট-পিছু অতিরিক্ত ২ টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব অনুমোদনের জন্য রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তোলা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, প্রতিদিন প্রতিটি শিশু ও মহিলা উপভোক্তার জন্য প্লেট-পিছু অতিরিক্ত ২ টাকা বরাদ্দ করা হবে। এই বাড়তি অর্থ মূলত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে জলখাবারে ডিম এবং আরও পুষ্টিকর গরম খাবার পরিবেশনের জন্য ব্যবহার করা হবে।
এই সিদ্ধান্ত এমন এক সময়ে সামনে এল, যখন স্কুলের মিড-ডে মিল নিয়ে রাজ্যে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। কলকাতা পুর এলাকার স্কুলগুলির মিড-ডে মিল পরিচালনার দায়িত্ব ইসকনকে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ভবিষ্যতে রাজ্যের অন্যান্য স্কুলেও ধাপে ধাপে এই ব্যবস্থা চালু করা হতে পারে। যেহেতু ইসকন সম্পূর্ণ নিরামিষ খাবার পরিবেশন করে, তাই মিড-ডে মিলে ডিম বন্ধ হওয়ার সম্ভাবনা নিয়ে ইতিমধ্যেই নানা মহলে আলোচনা শুরু হয়েছে। সেই আবহেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ডিমের জন্য আলাদা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল।
এর আগেই রাজ্য সরকার মিড-ডে মিল প্রকল্পে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ছাত্রপিছু দৈনিক বরাদ্দ সাড়ে ৬ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে, যাতে পড়ুয়াদের আরও উন্নত ও পুষ্টিকর খাবার দেওয়া যায়। পাশাপাশি মিড-ডে মিলের রাঁধুনিদের মাসিক পারিশ্রমিকও ১,০০০ টাকা বাড়ানো হয়েছে।
এবার সেই ধারাবাহিকতায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশু ও মহিলা উপভোক্তাদের খাবারের মান উন্নত করতে অতিরিক্ত বরাদ্দের প্রস্তাব সামনে আনা হয়েছে। প্রস্তাব কার্যকর হলে জলখাবারে নিয়মিত ডিম দেওয়ার পথ আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







