কয়েক মাস আগেও রাজনৈতিক দলবদল নিয়ে শিরোনামে ছিলেন প্রাক্তন সিপিএম নেতা প্রতীক উর রহমান। ফেব্রুয়ারিতে সিপিএম ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। সে সময় জানিয়েছিলেন, উন্নয়নের শরিক হতেই তাঁর এই সিদ্ধান্ত। তবে তৃণমূলে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের আবহে এবার প্রতীক উরের ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে।
বাংলায় সিপিএমের তরুণ মুখগুলির অন্যতম ছিলেন প্রতীক উর রহমান। দলের প্রায় প্রতিটি আন্দোলনে প্রথম সারিতে দেখা গিয়েছে তাঁকে। রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে ধারালো আক্রমণ শানিয়েছেন, সরকার উৎখাতের ডাকও দিয়েছেন। একাধিক নির্বাচনে সিপিএমের প্রার্থী হওয়ার পাশাপাশি জেলা ও রাজ্য কমিটিতেও জায়গা পেয়েছিলেন তিনি। তবু দলের প্রতি ক্ষোভ প্রকাশ করে গত ফেব্রুয়ারিতে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন।
প্রতীক উরের দলবদলের নেপথ্যে তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেই রাজনৈতিক মহলে আলোচনা হয়। এক সময় দু’জনই বাম রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। পরে ঋতব্রত তৃণমূলে যোগ দিলে, তাঁর উদ্যোগেই প্রতীক উরের শাসকদলে আসা সম্ভব হয়েছে বলে সেই সময় জোর চর্চা হয়েছিল।
এখন রাজনৈতিক মহলে কানাঘুষো, সক্রিয় রাজনীতি থেকে সরে নিজের পুরনো পেশাতেই ফিরতে চলেছেন প্রতীক উর রহমান। অর্থাৎ, আগামী দিনে তাঁকে আইনজীবীর ভূমিকাতেই বেশি দেখা যেতে পারে। উল্লেখ্য, ২০১৬ সালের দিকে তিনি আইনে স্নাতক হন। পরে অল ইন্ডিয়া বার কাউন্সিলের পরীক্ষাতেও উত্তীর্ণ হন। রাজনৈতিক কেরিয়ারে ইতি টেনে এবার তিনি আইন পেশাতেই মন দিতে পারেন বলে জল্পনা রাজনৈতিক মহলে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







