পশ্চিমবঙ্গকে ঘিরে বিজেপির দীর্ঘমেয়াদি রাজনৈতিক পরিকল্পনার ইঙ্গিত মিলল এনডিএ সংসদীয় দলের বৈঠকে। মঙ্গলবার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর প্রথম সংসদীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের পাশাপাশি বিশেষভাবে নজর কেড়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের মন্তব্য।
বৈঠকে বাংলার প্রসঙ্গ তুলে নিতিন নবীন বলেন, “পশ্চিমবঙ্গে দলের সাফল্য বিজেপির সাংগঠনিক শক্তিকে আরও বাড়িয়ে দিয়েছে।” তাঁর বক্তব্য, প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও যাঁরা দিনরাত পরিশ্রম করেছেন, সেই কর্মীদের লড়াইয়ের ফলেই এই সাফল্য এসেছে। তিনি দলের নেতা, কর্মী এবং সংগঠনের প্রতিটি স্তরের সদস্যদের অভিনন্দন জানান।
নিতিন নবীনের বক্তব্যে স্পষ্ট, পশ্চিমবঙ্গকে বিজেপি শুধুমাত্র একটি নির্বাচনী সাফল্যের রাজ্য হিসেবে দেখছে না। বরং আগামী দিনে সাংগঠনিক বিস্তার এবং রাজনৈতিক লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবেই বাংলাকে গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব।
রাজনৈতিক মহলের একাংশের মতে, বিধানসভা নির্বাচনের পর প্রথম এনডিএ সংসদীয় বৈঠকেই বাংলাকে আলাদা করে তুলে ধরা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে একদিকে যেমন রাজ্যের কর্মীদের উৎসাহিত করার চেষ্টা হয়েছে, তেমনই জাতীয় রাজনীতির আগামী সমীকরণেও পশ্চিমবঙ্গ যে বিজেপির অন্যতম অগ্রাধিকারের রাজ্য হয়ে থাকবে, সেই বার্তাই স্পষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। পাশাপাশি বিরোধীদের উদ্দেশেও এই বার্তা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







