best news portal development company in india

দেন্দুয়ায় পুলিশের অভিযানে উদ্ধার বিপুল মদ ও নগদ টাকা, ধৃত হোটেল মালিক

SHARE:

খাবার হোটেলের আড়ালে রমরমিয়ে চলছিল অবৈধ মদের কারবার। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার বিকেলে এমনই এক বেআইনি মদের ঠেকে অতর্কিতে হানা দিল পুলিশ। ঘটনাটি ঘটেছে সালানপুর থানার অন্তর্গত কল্যাণেশ্বরী ফাঁড়ির দেন্দুয়া এলাকার একটি নামী হোটেলে। এই অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ এবং নগদ টাকা সহ হোটেলের মালিককে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, দেন্দুয়ার ওই ‘সাইনি হোটেল’-এ দীর্ঘদিন ধরেই প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বেআইনিভাবে মদ বিক্রি করা হচ্ছিল। এই বিষয়ে গোপন সূত্রে খবর পায় কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ। এরপরই ফাঁড়ির ইনচার্জ পার্থ সরকারের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করে শনিবার বিকেলে ওই হোটেলে হানা দেওয়া হয়।

তল্লাশি চালিয়ে হোটেল থেকে উদ্ধার হয় মোট ১৯ বোতল দেশি ও বিদেশি মদ। সেই সঙ্গে মদ বিক্রির নগদ প্রায় ৯ হাজার টাকাও বাজেয়াপ্ত করে পুলিশ। বেআইনিভাবে এই মদের কারবার চালানোর অপরাধে হোটেলের মালিক সঞ্জীব সূত্রধরকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।স্থানীয় সূত্রে খবর, রাজ্যে প্রশাসনিক স্তরে কড়া নির্দেশ থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী লোকচক্ষুর আড়ালে এই ধরণের বেআইনি মদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। দেন্দুয়ার এই ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত হোটেল মালিক সঞ্জীব সূত্রধরকে কাল রবিবার আসানসোল আদালতে পাঠানো হবে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *