বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের উত্তপ্ত সল্টলেক। বিধাননগর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজিত বসু অভিযোগ তুলেছেন যে, নির্বাচনের আগে বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে বহিরাগতদের এনে সল্টলেকের বিভিন্ন গেস্ট হাউসে আশ্রয় দেওয়া হচ্ছে। মূলত ওড়িশা ও ছত্তিশগড় থেকে আসা ব্যক্তিদের কেন্দ্র করেই এই উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, ভোটের অশান্তি পাকাতেই এই বহিরাগতদের নিয়ে আসা হয়েছে।
ঘটনার সূত্রপাত সল্টলেকের AL-242 নম্বর গেস্ট হাউস থেকে। স্থানীয় তৃণমূল কর্মীরা ওই ঠিকানায় বহিরাগতদের উপস্থিতি টের পেয়ে বিধাননগর পূর্ব থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জিজ্ঞাসাবাদ শুরু করলে গেস্ট হাউস কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, গত ১৭ এপ্রিল থেকে বিজেপির পক্ষ থেকে বুকিং করে আটজন ব্যক্তি সেখানে থাকছেন। পুলিশের অভিযানে ওই গেস্ট হাউস থেকে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
তৃণমূল প্রার্থী সুজিত বসুর দাবি, শুধু এই গেস্ট হাউস নয়, এর আগেও গতকাল রাতে আরও ১৫ জনকে আটক করা হয়েছিল। প্রতিবার নির্বাচনের সময় সল্টলেকের বিভিন্ন হোটেল ও গেস্ট হাউস বুক হয়ে যাওয়ার যে অভিযোগ ওঠে, এবারও তার পুনরাবৃত্তি ঘটছে বলে দাবি তাঁর। গোটা বিষয়টি নিয়ে সল্টলেকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519






