ক্যানিং, ২ জুলাই ২০২৬: নদী চুরি করে তৈরি হওয়া বেআইনি নির্মাণের বিরুদ্ধে এবার নজিরবিহীন কড়া পদক্ষেপ নিল দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসন। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছেলের মালিকানাধীন এক বিরাট ও বিলাসবহুল ক্যাফে গুঁড়িয়ে দিতে বৃহস্পতিবার সকাল থেকেই নামানো হলো বুলডোজার। এদিন সকাল থেকে ক্যানিংয়ের মৌখালি এলাকায় মাতলা নদীর চর দখল করে গড়ে ওঠা ওই অবৈধ ক্যাফেটি ভাঙার কাজ শুরু করে প্রশাসন।
অভিযোগ, পরিবেশ আদালত ও সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে মাতলা নদীর চরের এক বিশাল অংশ অবৈধভাবে জবরদখল করে এই বিলাসবহুল ক্যাফেটি নির্মাণ করা হয়েছিল। এই বেআইনি নির্মাণের বিষয়টি সামনে আসতেই নদী ও পরিবেশ রক্ষায় সক্রিয় হয় প্রশাসন। বেশ কিছুদিন আগেই ক্যানিংয়ের মহকুমাশাসক (SDO) এই ক্যাফেটি ভেঙে ফেলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিস পাঠিয়েছিলেন। সেই নোটিসের মেয়াদ উত্তীর্ণ হতেই আজ বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে ভাঙার প্রক্রিয়া শুরু করা হয়।
হাইপ্রোফাইল রাজনৈতিক ব্যক্তিত্বের পরিবারের এই বেআইনি সম্পত্তি ভাঙাকে কেন্দ্র করে যাতে কোনও রকম আইন-শৃঙ্খলার অবনতি বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য সকাল থেকেই মৌখালি ও সংলগ্ন এলাকায় বিশাল রাজ্য পুলিশ বাহিনীর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে প্রশাসনের এই কড়া অ্যাকশনের সময় এলাকায় বিশেষ কোনও উত্তেজনা দেখা যায়নি এবং শান্তপূর্ণভাবেই ভাঙার কাজ চলছে। সাধারণ মানুষের মতে, নদীর অস্তিত্ব বিপন্ন করে তৈরি এই ধরণের বেআইনি পরিকাঠামোর বিরুদ্ধে প্রশাসনের এই পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয়।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







