বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা এখন আন্তর্জাতিক রাজনীতির প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। আমেরিকার সঙ্গে দুই সপ্তাহের শান্তি চুক্তির পর ইরান হরমুজ প্রণালী খুলে দিলেও, লেবাননে ইজরায়েলি আক্রমণ বন্ধ না হওয়ায় তেহরান পুনরায় এই জলপথ বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই স্পষ্ট জানিয়েছেন, যুদ্ধবিরতি কার্যকর হলে তা সব জায়গাতেই হতে হবে, অন্যথায় হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল অনির্দিষ্টকালের জন্য থমকে যেতে পারে। এই চাপের মুখেই ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু লেবাননের সঙ্গে সরাসরি আলোচনার টেবিলে বসতে রাজি হয়েছেন, যাকে একটি ‘ঐতিহাসিক শান্তিস্থাপন’ ও হিজবুল্লাহকে নিরস্ত্র করার লক্ষ্যে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এদিকে, বৃহস্পতিবার লেবানন সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, গত একদিনে ইজরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩০৩-এ দাঁড়িয়েছে এবং আহতের সংখ্যা ১,১৫০ ছাড়িয়েছে। এই ব্যাপক ক্ষয়ক্ষতির শোক পালনে লেবাননে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। যদিও নেতানিয়াহু দাবি করেছেন যে উত্তর ইজরায়েলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান চলবে, তবুও আমেরিকার অনুরোধে এবং বিশ্ব অর্থনীতির স্বার্থে আগামী সপ্তাহেই ওয়াশিংটনে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। হরমুজ প্রণালীর অচলাবস্থা কাটানো এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফেরানোই হবে এই আলোচনার মূল বিষয়বস্তু।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







