বাংলা সহ বেশ কয়েকটি রাজ্যে ভোট। কয়েকটি রাজ্য অবশ্য হয়ে গেছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আবার সুখবর। ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে বর্ধিত হারে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। আজ ডিএ বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পেনশনভোগীরাও একই হারে ডিএ পাবেন। অষ্টম পে কমিশন নিয়ে আলোচনার মধ্যেই বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। ডিএ আরও ২ শতাংশ বাড়ানো হয়েছে। অর্থাৎ, আগে ৫৮ শতাংশ হারে ডিএ পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। এবার থেকে ৬০ শতাংশ হারে ডিএ পাবেন তাঁরা। ডিএ বা মহার্ঘ ভাতা বছরে দু’বার সংশোধন করা হয়। একবার জানুয়ারিতে এবং আরেকবার জুলাইতে। শেষবার ডিএ বাড়ানো হয়েছিল গত বছরের অক্টোবর মাসে। সেইসময় ৩ শতাংশ ডিএ বাড়িয়ে ৫৫ থেকে ৫৮ শতাংশ করা হয়েছিল। এবার অবশ্য তুলনামূলক কম হারে ডিএ বাড়ানো হয়েছে।
কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ ১ কোটির বেশি কর্মচারী ও পেনশনভোগীদের উপকৃত করবে বলে আশা করা হচ্ছে। ডিএ বাড়লে মাসিক বেতনও সামান্য বৃদ্ধি পাবে। ধরা যাক, আপনার বেসিক স্যালারি যদি ৩০ হাজার টাকা হয়, তাহলে ডিএ বৃদ্ধির পর প্রতি মাসে আপনার বেতন ৬০০ টাকা বাড়বে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরার ২২ শতাংশ হারে ডিএ পান। সেক্ষেত্রে কেন্দ্রের সঙ্গে ডিএ-র পার্থক্য বেড়ে হল ৩৮ শতাংশ।এদিকে, অষ্টম পে কমিশন গঠনের দাবি জানাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। এই নিয়ে ইতিমধ্যেই আলোচনা চলছে। এই পে কমিশন গঠন হলে বেতন পরিকাঠামোয় বড় বদল আসবে। সেক্ষেত্রে কর্মীদের ন্যূনতম বেতন ১৮ হাজার থেকে বেড়ে হবে ৬৯ হাজার টাকা হতে পারে। বার্ষিক ৬ শতাংশ হারে ইনক্রিমেন্টের প্রস্তাব দেওয়া হয়েছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519






