উখড়া, ২৭ নভেম্বরঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান, শুরু হতে চলেছে উখড়া রেলওয়ে ওভার ব্রিজ বা আরওবির কাজ। বৃহস্পতিবার সেই কাজ শুরুর জন্য পরিদর্শনে আসেন রেলের সিইও অজয় কুমার ও পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।
বলা যেতে পারে যে, পাণ্ডবেশ্বরের উখড়া সন্নিহিত মানুষের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হতে চলেছে।
এদিন সেই রেল ওভারব্রিজের চূড়ান্ত নকশা নিয়ে এলাকায় আসেন রেলের আধিকারিকরা। তাদের সঙ্গে ছিলেন স্থানীয় মানুষ ও বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। পাণ্ডবেশ্বর উখরা বিভিন্ন এলাকার মানুষের নাভিশ্বাস এই রেলগেটকে নিয়ে। হাজার হাজার মানুষের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল এই রেলগেট। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর তৎপরতায় আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার সহযোগিতায় রেল কর্তৃপক্ষকে মানুষের যন্ত্রণা কথা নিয়ে চিঠি দেওয়া হয়েছিলো । বেশ কয়েক বছর ধরে মাপ করা , কথাবার্তা চলার পর আর চূড়ান্ত নকশা নিয়ে পরিদর্শন করলেন রেলের আধিকারিকগণ। স্বভাবতই খুশি স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা তরুণ গড়াই, মানুষের দীর্ঘদিনের যন্ত্রণার অবসান হবে ধন্যবাদ জানান আসানসোলের সাংসদ এবং বিধায়ককে। যানজটের কারণে স্তব্ধ হয়ে যেতো এই রাস্তা। স্কুল, কলেজের পড়ুয়া থেকে সাধারণ মানুষ, সবাইকেই নিত্যদিন সমস্যায় পড়তে হতো। অ্যাম্বুলেন্সের এই রাস্তা দিয়ে যেতে গিয়ে সমস্যায় পড়লো। তাই দ্রুত কাজ করলে খুব ভালো হয় বলে এলাকার বাসিন্দারা জানিয়েছেন।
এই প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, সাধারণ মানুষের যে কষ্ট লাঘব হবে তা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা সাংসদকে চিঠি দিয়েছিলাম। সেই চিঠিকে গুরুত্ব দিয়ে রেল কর্তৃপক্ষ সাড়া দিয়েছেন। এদিন রেল ওভারব্রিজের চূড়ান্ত নকশা নিয়ে রেলের আধিকারিক আলোচনা করলেন। অতি দ্রুত কাজ চালু হবে বলে রেলের তরফে বলা হয়েছে।

Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







