প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। ইতিমধ্যেই গ্রেফতার হয়ে পুলিশ হেফাজতে থাকায় তাঁর আগাম জামিনের আবেদনের আর কোনও আইনি প্রাসঙ্গিকতা নেই বলে জানাল শীর্ষ আদালত। পরিবর্তে নিয়মিত জামিনের আবেদন করার নির্দেশ দিয়েছে বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন ভি ভারালের বেঞ্চ।
গ্রেফতারির আশঙ্কায় কয়েক দিন আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ইন্দ্রনীল সেন। কিন্তু বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কারণে সেদিন মামলার শুনানি হয়নি। পরবর্তীতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে বিষয়টি উল্লেখ করেন ইন্দ্রনীলের আইনজীবী। ঘটনাচক্রে, সেদিনই গ্রেফতার হন প্রাক্তন মন্ত্রী।
মামলাটি আগে থেকেই সুপ্রিম কোর্টে তালিকাভুক্ত থাকায় শুক্রবার বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন ভি ভারালের বেঞ্চে শুনানি হয়। ইন্দ্রনীলের আইনজীবী আগাম জামিনের আবেদন সংক্রান্ত বিষয়টি আদালতে তুলে ধরেন। তবে গ্রেফতারির পর আগাম জামিনের আবেদন আর কার্যকর নয় বলে জানায় আদালত।
শীর্ষ আদালতের নির্দেশ, ইন্দ্রনীলকে এবার নিয়মিত জামিনের আবেদন করতে হবে। আদালত জানিয়েছে, দ্রুত শুনানির জন্য হাইকোর্টকেও অনুরোধ করা হবে। একইসঙ্গে তদন্তে প্রভাব পড়তে পারে, এমন কোনও মন্তব্য করতে চায় না সুপ্রিম কোর্ট।
অন্যদিকে, শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা ইন্দ্রনীলের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর অভিযোগ রয়েছে বলে দাবি করেন। ফলে এখন নজর নিয়মিত জামিনের আবেদনের শুনানির দিকে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







