পুলিশ আধিকারিকদের উদ্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার অভিষেকের বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, “মনে হয় সোডিয়াম-পটাসিয়ামের সমস্যা হয়েছে।” পাশাপাশি নিউইয়র্কে যাওয়ার প্রসঙ্গ তুলে অভিষেককে বিদ্রূপ করেন তিনি।
সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, রাজনৈতিক নেতাদের সন্তুষ্ট করতে গিয়ে পুলিশের একাংশ তৃণমূল কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছেন। তাঁর দাবি, শুভেন্দু অধিকারীর নির্দেশে কাজ করা পুলিশ আধিকারিকদের সতর্ক করে দিচ্ছেন তিনি। অভিষেকের হুঁশিয়ারি, ভবিষ্যতে সরকার পরিবর্তন হলে আইন মেনে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নন এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে কেউ পার পাবেন না।
অভিষেকের এই মন্তব্যের জবাবে শুভেন্দু অধিকারী বলেন, “আমার মনে হয় যে চ্যালা ক্যামাক স্ট্রিটের টাকা তুলত, সে সব বলে দিয়েছে।” অতীতে দীর্ঘদিন ক্ষমতায় থাকার প্রসঙ্গ টেনে তিনি আরও দাবি করেন, তৃণমূলেরও কয়েকজন এমন ব্যক্তি থাকতে পারেন, যাঁদের সঙ্গে অভিষেক ফেসটাইমে কথা বলেন।
এরপরই অভিষেককে কটাক্ষ করে শুভেন্দু বলেন, “মনে হয় সোডিয়াম-পটাসিয়ামের সমস্যা হয়েছে। নিউইয়র্কে যেতে চাইছেন যান। আমরা এনওসি করে দেব। আমরা সব দেখছি।”
পুলিশের ভূমিকা, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এবং ভবিষ্যতে সরকার পরিবর্তনের প্রসঙ্গ ঘিরে দুই নেতার এই পাল্টাপাল্টি বক্তব্য রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







