best news portal development company in india

মুর্শিদাবাদ ভেঙে হতে পারে দুটি জেলা, নাম হতে পারে ‘মুর্শিদাবাদ উত্তর’ ও ‘মুর্শিদাবাদ দক্ষিণ’

SHARE:

প্রশাসনিক কাজের সুবিধার জন্য মুর্শিদাবাদ জেলাকে ভাগ করে দুটি পৃথক জেলা তৈরির উদ্যোগে গতি আসতে চলেছে। প্রস্তাবিত নতুন দুই জেলার নাম হতে পারে ‘মুর্শিদাবাদ উত্তর’ ও ‘মুর্শিদাবাদ দক্ষিণ’। নতুন জেলার নামকরণ এবং ভৌগোলিক সীমানা নির্ধারণ নিয়ে বৃহস্পতিবার বহরমপুরে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা নিজেদের মতামত তুলে ধরেন।

উল্লেখ্য, তৃণমূল সরকারের আমলেই প্রশাসনিক সুবিধার কথা মাথায় রেখে মুর্শিদাবাদ জেলা বিভাজনের প্রস্তাব সামনে এসেছিল। গত বছরের রাজ্য বাজেটেও তৎকালীন মুখ্যমন্ত্রী জেলা ভাগের ঘোষণা করেছিলেন। এবার সেই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে উদ্যোগী হয়েছে বর্তমান সরকার। সেই উদ্দেশ্যে জেলাশাসক আর অর্জুনের উদ্যোগে বহরমপুরে জেলাশাসক ভবনের সভাকক্ষে এই বৈঠক ডাকা হয়।

প্রস্তাব অনুযায়ী, জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সাগরদিঘি, রঘুনাথগঞ্জ, সুতি, সামশেরগঞ্জ ও ফরাক্কা—এই পাঁচটি থানা, ছয়টি বিধানসভা কেন্দ্র এবং সাতটি ব্লক নিয়ে নতুন জেলা গঠনের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, বাকি চার মহকুমা নিয়ে মূল মুর্শিদাবাদ জেলা থাকবে।

বৈঠকে উপস্থিত ছিলেন সুতির তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাস, বিজেপির প্রতিনিধি তথা জঙ্গিপুরের বিধায়ক চিত্ত মুখোপাধ্যায় এবং কংগ্রেসের জেলা সভাপতি মহম্মদ আব্দুল্লাহিল কাফি-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব।

তবে জেলা ভাগের বিরোধিতা না করলেও নামকরণ নিয়ে আপত্তি তুলেছেন কংগ্রেস জেলা সভাপতি কাফি। তাঁর দাবি, ঐতিহাসিক মুর্শিদাবাদ নামটি যেন হারিয়ে না যায়। ‘মুর্শিদাবাদ উত্তর’ ও ‘মুর্শিদাবাদ দক্ষিণ’ নামের প্রস্তাব বৈঠকে তুলে ধরা হয়েছে বলেও জানান তিনি। জেলাশাসক সেই প্রস্তাব নথিভুক্ত করেছেন। তবে নতুন জেলার চূড়ান্ত নাম ও সীমানা নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *